Saturday, November 28, 2026
Homeখেলাটেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা

টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা

২০২৬ সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করতে গেলে এক কথায় বলতে হয়— ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে সব সময় দলীয় ধারাবাহিকতার অভাব কিংবা পরিকল্পনা ও ম্যানেজমেন্টের দুর্বলতা ঢেকে রাখা সম্ভব হয় না।

টেস্টে বাংলাদেশের জন্য ব্যস্ততম বছরগুলোর একটি হয়ে থাকল ২০২৬ সাল। সূচিতে ছিল ১০টি টেস্ট, যার মধ্যে আটটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ চক্রের অংশ।

বছরের শুরুটা হয়েছিল দারুণভাবে। গত মে মাসে ঘরের মাঠের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ফলে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাওয়া ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় তারা। তবে বছরটা শেষ হয়েছে চরম হতাশায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বড় ব্যবধানে বাজেভাবে টেস্ট সিরিজ হেরে নিজেদের সামর্থ্য ও ধারাবাহিকতা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা রূপে দেখা দিয়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বল হাতে কার্যকর ভূমিকা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা।

তবে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের পরাজয়ে ছন্দপতন ঘটে। সেই ধাক্কা কাটিয়ে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৩ বছর পর সেখানে টেস্ট খেলতে গিয়ে ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় তারা।

হাসান মাহমুদের ৫ উইকেট, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং মিরাজের আরেকটি ৫ উইকেটের সুবাদে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে বাংলাদেশ। ওই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের পয়েন্টের হার ৫৮.৩৩ থেকে বেড়ে দাঁড়ায় ৬৬.৬৭ শতাংশে। তারা উঠে আসে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। এমনকি দ্য ওভালে আগামী বছর অনুষ্ঠেয় আসরের ফাইনালে খেলার স্বপ্নও তখন উঁকি দিতে শুরু করে।

কিন্তু সেই আশার স্থায়িত্ব ছিল খুবই কম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাকাইতে দুই ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে স্রেফ ৬৪ ও ৯৫ রান। তাতে মেলে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হার, তাও দুই দিনের মধ্যেই। এরপর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দীর্ঘ সময় আধিপত্য বিস্তার করেও জয় পাওয়া হয়নি।

গত অক্টোবরে ঘরের মাঠে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের হার আরও হতাশা বাড়ায়। তবে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংস বাংলাদেশকে আরেকটি হারের হাত থেকে রক্ষা করে। টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েন হৃদয়। কিন্তু দলের সামগ্রিক ব্যর্থতার মধ্যে এই ব্যক্তিগত অর্জন শেষ পর্যন্ত স্বস্তির চেয়ে আক্ষেপই বাড়ায়।

সবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দুর্বলতাগুলো আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়েছিল তারা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে ৪০০ রানের সংগ্রহও পায় সফরকারীরা।

কিন্তু সেই লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। পরের তিন ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল যথাক্রমে ১৬৮, ৯১ ও ১৮৪ রান। প্রতিকূল কন্ডিশনে মানসম্মত পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাটারদের দুর্বলতা তাই আবারও সামনে চলে আসে।

২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেছে বাংলাদেশের। পয়েন্ট তালিকার চতুর্থ স্থান থেকে নেমে তারা চলে গেছে ষষ্ঠ স্থানে। পয়েন্টের হার কমে দাঁড়িয়েছে ৩৬.৬৭ শতাংশে। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশের। ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে এসেছে, রেটিং পয়েন্ট কমে হয়েছে ৭২।

মাঠের বাইরের সমস্যাগুলোও বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে ভূমিকা রেখেছে। পেসার নাহিদ রানার চোট থেকে ফেরার ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা— দুই সফরেই খেলতে পারেননি তিনি।

আরেক পেসার হাসান মাহমুদের ওয়ার্কলোড, ঠাসা আন্তর্জাতিক সূচি, অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর অতিরিক্ত নির্ভরতা, দল নির্বাচন নিয়ে দ্বিধা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে কোচিং প্যানেলে পরিবর্তন— সব মিলিয়ে ম্যানেজমেন্টের দুর্বলতাও সামনে এসেছে।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে নতুন বছরে টেস্ট অভিযান শুরু করবে বাংলাদেশ। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে যাত্রা শেষ হবে টাইগারদের।

২০২৬ সাল বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য বুঝিয়ে দিয়েছে, সামর্থ্যের দিক থেকে দলটি পিছিয়ে নেই। কিন্তু একই বছরে একের পর এক ব্যর্থতা দেখিয়েছে, সেই সামর্থ্যকে ধারাবাহিকতায় রূপ দেওয়ার জায়গায় কতটা ঘাটতি রয়েছে।

পরিকল্পনা, ব্যবস্থাপনা ও দলীয় পারফরম্যান্সে প্রয়োজনীয় পরিবর্তন আনতে না পারলে ব্যক্তিগত নৈপুণ্যে হয়তো সাময়িক স্বস্তি মিলবে, কিন্তু দীর্ঘমেয়াদে টেস্ট ক্রিকেটে কাঙ্ক্ষিত অগ্রগতি অধরাই থেকে যাবে।

Most Popular