রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশের ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানান ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলম মিয়া।
নিহত নাইমুর রহমান (২৬) হোটেলটির ম্যানেজার ছিলেন। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন হোটেলের জেনারেল ম্যানেজার আবদুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬)।
পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এসআই আলম জানান, হোটেলে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি নাইমুরকে এলোপাতাড়ি আঘাত করেন। তার চিৎকার শুনে আবদুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও হামলা করা হয়।
ভোর ৪টার দিকে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাইমুরকে মৃত ঘোষণা করেন।
এসআই আলম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, এক পোলট্রি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে হামলা চালিয়েছেন বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য নাইমুরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। আবদুর রাজ্জাকের পিঠে গুরুতর আঘাত ও হাসানের পেটে ছুরিকাঘাতের জখম হয়েছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের দুজনকে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
