Sunday, November 29, 2026
Homeবিদেশআফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯

আফগানিস্তানে একটি স্কুলের কাছে এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। আজ শনিবার কুনার প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানান সরকারের এক মুখপাত্র।

এই ঘটনা নিয়ে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুলের কাছে অবস্থিত একটি খনি কোম্পানির বিস্ফোরক ডিপোতে অবহেলা ও অসাবধানতার কারণে বিস্ফোরণটি ঘটেছে।

তিনি বলেন, স্কুলের সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যেও একই সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সামি-উল-হক বায়ান এএফপিকে জানান, প্রাদেশিক রাজধানী আসাদাবাদের শাগাই মিডল স্কুলের কাছে খনির খননকাজ এবং পাথর ভাঙার জন্য বিস্ফোরক প্রস্তুত করার সময় বিস্ফোরণটি ঘটে।

চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, আসাদাবাদের একটি হাসপাতালে সাতটি মরদেহ নেওয়া হয়েছে। সেখানে এএফপির এক সাংবাদিক আট থেকে ১৫ বছর বয়সী আহত শিশুদের দেখতে পান।

প্রাদেশিক এই কর্মকর্তা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Most Popular