কুমিল্লায় স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় দুই কিশোর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে অভিযোগ গঠন হয়েছে।
আজ রোববার দুপুর পৌনে ১টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ ইয়াসির আরাফাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলায় অভিযুক্তদের একজনের বয়স ১৫ এবং অপরজনের বয়স ১৬।
ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মোতালেব মজুমদার জানান, ভার্চ্যুয়াল উপস্থিতিতে উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
তিনি জানান, মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং মো. সিয়ামের (১৯) বিরুদ্ধে বিচারিক আদালতে ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।
মামলার তথ্য থেকে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর প্রধান আসামি তুহিন আইফোনে সুন্দর ছবি ও ভিডিও করে দেওয়ার কথা বলে সানন্দা গ্রামে পাহাড়ের গহিনে নিয়ে যায় অপ্রতিমকে। সেখানে এই মামলার দুই কিশোর আসামি অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেয়। এতে অপ্রতিম বাধা দিলে প্রথমে তুহিন কোদালের ডাট দিয়ে তার মাথায় আঘাত করে পরে এবং দুই কিশোর আসামি তার মুখে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করে।
আবদুল মোতালেব মজুমদার জানান, এই তিন আসামি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট্রের কাছে জবানবন্দি দিয়েছে। আদালত আগামী ১৪ ডিসেম্বর সাক্ষ্যর জন্য তারিখ ধার্য করেছেন।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
