Sunday, November 29, 2026
Homeঅর্থনীতিখেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতায় ৫ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতায় ৫ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে প্রতিষ্ঠান পাঁচটির নাম উল্লেখ করা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল’ (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড ও সিটিজেন্স অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

কেন্দ্রীয় ব্যাংক গত ২০ আগস্ট তালিকাভুক্তির নীতিমালা জারি করে এবং ৮ সেপ্টেম্বর আবেদন আহ্বান করে। যাচাই-বাছাই শেষে জমা পড়া ২৩টি আবেদনের মধ্যে ন্যূনতম যোগ্যতার শর্ত পূরণকারী এই পাঁচটি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়।

এর ফলে মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাদি অনুযায়ী খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে। তবে এর জন্য উভয় পক্ষ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের লিখিত সম্মতির প্রয়োজন হবে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

মাত্র তিন মাসের ব্যবধানে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ (এনপিএল) প্রায় ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে চলতি বছরের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বকেয়া ঋণের বিপরীতে খেলাপি ঋণের অনুপাতও একই বছরের জুনের শেষে থাকা ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ৩৩ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

Most Popular