Saturday, November 28, 2026
Homeখেলাইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেবেন মুশফিক

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসর নেবেন মুশফিক

দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে তিনি সরে দাঁড়িয়েছেন আগেই। এবার টেস্টকেও বিদায় জানাতে যাচ্ছেন এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শেষে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ৩৯ বছর বয়সী মুশফিকের অবসরের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের সতীর্থ ও মুশফিকের বন্ধু তামিম বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, যেটি আমি আপনাদের জানাতে চাই। আর সেটি ঘোষণা করার পরই আমি আমার বক্তব্য শেষ করব। আমি বিষয়টি এভাবেই রাখতে চাই। এ বিষয়ে এখানে এখন আর কিছু বলার নেই। মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নিতে যাচ্ছে।’

তিনি যোগ করেন, কয়েক দিন আগেই মুশফিক এই সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন, ‘মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর আমি নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি তাকে বলেছিলাম, সে যেন একটি সংবাদ সম্মেলন করে নিজেই তার অবসরের ঘোষণা দেয়। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক। আমি চেয়েছিলাম, তার বিদায়ের বিষয়টি যেন যথাযথভাবে করা হয়।’

মুশফিকের অনুরোধেই তার পক্ষ থেকে বিষয়টি জানান তামিম, ‘কিন্তু মুশফিকের অনুরোধে… সে আমাকে এই ঘোষণা দেওয়ার জন্য বলেছে। তার অনুরোধেই আমি জানাচ্ছি যে, ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট ম্যাচ।’

বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাবেক এই ওপেনার, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে যে অবদান রেখেছে, সেটিকে আমরা সম্মান জানাই। সে বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ দূত এবং অনেক অনেক ক্রিকেটার ও অনেক অনেক শিশুর আদর্শ।’

মুশফিককে বিদায় জানাতে বিসিবির পক্ষ থেকে বড় আয়োজনের পরিকল্পনাও জানান তামিম, ‘তাই মুশফিকের জন্য বিসিবির পক্ষ থেকে অবশ্যই বড় ধরনের উদযাপনের আয়োজন করা হবে। পাশাপাশি আরও কিছু বিষয় থাকবে, যেগুলো সময়ের সঙ্গে আপনারা দেখতে ও জানতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, আমার খারাপ লাগছে যে মুশফিকের মতো এতটা প্রতিভাবান একজন ক্রিকেটার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ভক্ত-সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতি তামিমের বার্তা, ‘আসুন, এই টেস্ট ম্যাচটিকে একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি। বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও এখন থেকে প্রথম টেস্ট পর্যন্ত সব সাংবাদিককে আমি অনুরোধ করব, মুশফিকের অসাধারণ সব স্মৃতি আবার সামনে নিয়ে আসুন।’

মুশফিকের ২১ বছরের চেয়ে লম্বা ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে তামিম আরও বলেন, ‘আমি নিশ্চিত, তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কিছু হতাশা রয়েছে, কিছু সমালোচনা রয়েছে এবং এ ধরনের আরও অনেক কিছু রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একজন অসাধারণ সেবক হিসেবে সে যে অবদান রেখেছে, সেটি বিবেচনায় নিয়ে আসুন, আমরা সবাই মিলে তার অর্জনগুলো উদযাপন করি।’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজটিকে বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন মুশফিক। ম্যাচটি হবে মিরপুরে বলে উল্লেখ করেন তামিম, ‘এখন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, যখন টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ তারিখে— আমি যদি ভুল না করে থাকি— তত দিন পর্যন্ত আমরা শুধু মুশফিকের ভালো স্মৃতিগুলো নিয়েই ভাবব। সে বাংলাদেশের ক্রিকেটের জন্য যে ভালো কাজগুলো করেছে, যে অসাধারণ কাজগুলো করেছে এবং যে অসামান্য অবদান রেখেছে, সেগুলো নিয়েই কথা বলব।’

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকের। এবার ২০২৭ সালের ফেব্রুয়ারিতে একই দলের বিপক্ষে একই সংস্করণে খেলে অবসরে যাবেন তিনি।

Most Popular