Saturday, November 28, 2026
Homeবাংলাদেশরূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার ভোররাতে রূপগঞ্জের বলাইখা এবং গতকাল শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে বলাইখা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন এসে দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীকে ভয় দেখিয়ে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি পুড়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ভুলতা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে চলন্ত একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মেঘলা পরিবহনের বাসটি গাউছিয়া থেকে কলাবাগানের দিকে যাচ্ছিল। বাসে ১৬ জন যাত্রী ছিলেন।

বাসের যাত্রীদের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, যাত্রীবেশে দুজন বাসে আগুন দেয়। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এ সময় ওই দুজন পালিয়ে যান।

‘বাসের পেছনের অংশে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের সবাই দ্রুত বাস থেকে নেমে যান। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

Most Popular