বিশ্বকাপ জয়ের ইতিহাসে ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। তাদের বিপক্ষে ভারতের মতো দলের মাঠে নামার সুযোগই বিরল। তবে ম্যাচটিকে শুধু ভারতের জন্য বিশেষ নয়, ব্রাজিলও যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, সেটি স্পষ্ট করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের ভাষায়, ব্রাজিলের কাছে ‘কখনোই কোনো ম্যাচ প্রীতি নয়’।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের বিপরীতে ভারত আছে ১৩৮ নম্বরে। ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে পূর্ণশক্তির ব্রাজিলের এই ম্যাচটি হতে যাচ্ছে ভারতের মাটিতে তাদের প্রথম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ। ক্রিকেটের তুমুল জনপ্রিয়তার মাঝেও কলকাতায় ফুটবলের আলাদা আবেগ থাকায় ম্যাচটি ঘিরে স্থানীয় দর্শকদের আগ্রহও তুঙ্গে।
ভারত সফর নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন আনচেলত্তি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি প্রান্তেই ব্রাজিলের সমর্থক আছে। শুধু ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নয়, ভারতের সমর্থকদের জন্যও এখানে খেলতে আসাটা আমাদের জন্য আনন্দের।’
ম্যাচটি আনুষ্ঠানিকভাবে প্রীতি হলেও ব্রাজিল সেটিকে হালকাভাবে নিচ্ছে না বলেই জানিয়েছেন আনচেলত্তি। ৬৭ বছর বয়সী এই কোচ বলেন, ‘এটি প্রস্তুতিমূলক ম্যাচ, একটি প্রীতি ম্যাচ। কিন্তু আমাদের জন্য কখনোই কোনো ম্যাচ প্রীতি নয়।’
ভারতের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য নতুন একটি ফুটবল সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগও বলে মনে করেন আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘আমাদের অন্য দেশ ও অন্য সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। আমরা বিভিন্ন ধরনের খেলার ধরন নিয়ে বিভিন্ন দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে অভ্যস্ত। ভারত আমাদের জন্য রোমাঞ্চকর হবে। সত্যি, বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভারতের খুব বেশি নেই। তবে তারা কীভাবে খেলে, সেটি আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ।’
ভারতে এটাই হবে আনচেলত্তির প্রথম সফর। তাই কলকাতায় আসার অপেক্ষায় তিনিও রোমাঞ্চিত। ব্রাজিল কোচ বলেন, ‘আমি কখনো ভারতে যাইনি। কলকাতায় আসতে আমি খুবই রোমাঞ্চিত।’
ভারতের মাটিতে এবারই প্রথম পূর্ণশক্তির ব্রাজিল জাতীয় দল খেলতে নামবে। এর আগে ব্রাজিলের কিংবদন্তি পেলে ১৯৭৭ ও ২০১৫ সালে ভারত সফর করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ভারত সফরে আসবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের পর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা। এরপর নভেম্বরেও জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
