‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল সিলেট জেলার সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিউটি রাণী ২০২৩ সালেও জেলা পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষকদের তালিকায় ছিলেন।
জুলাইয়ে বিদ্যালয়ের আঙিনায় ‘শ্রাবণের মেঘ’ গানে তার নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার ভিত্তিতে নয়, বরং বিউটি রাণীর দীর্ঘ শিক্ষকতা জীবন ও বিদ্যালয়ে তার অবদানের ভিত্তিতেই তাকে মূল্যায়ন করা হয়েছে। তার পাঠদান পদ্ধতি, বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সহ-শিক্ষাক্রমিক কর্মসূচিতে ভূমিকার মূল্যায়ন করা হয়েছে।’
‘শিক্ষকদের পারফরম্যান্স একটি নির্দিষ্ট সূচকের মাধ্যমে মূল্যায়ন করে সেরা শিক্ষক নির্বাচন করা হয়। এটি প্রথমে উপজেলা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে মূল্যায়ন করা হয়,’ বলেন তিনি।
শিক্ষক দিবস সামনে রেখে সিলেট জেলার সেরা হিসেবে ঘোষিত অন্যান্য শিক্ষকরা হলেন—সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নুরজাহান বেগম ও গোলাপগঞ্জ উপজেলার চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
