ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টা থেকে রাজারবাগের মোমিনবাগ গলিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানকালে রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে। একইসঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
