Wednesday, September 23, 2026
Homeখেলাকাউকে ভয় নয়, যত বেশি সম্ভব পয়েন্ট চান হামজা

কাউকে ভয় নয়, যত বেশি সম্ভব পয়েন্ট চান হামজা

শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে হবে, বাস্তবতাটা অজানা নয় হামজা চৌধুরীর। তবে প্রতিপক্ষের র‍্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা দেখে ভীত হয়ে মাঠে নামতে চান না বাংলাদেশের ইংল্যান্ডপ্রবাসী এই তারকা। বরং নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে এশিয়ান গেমসে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করাই এখন বাংলাদেশের লক্ষ্য বলে জানিয়েছেন হামজা।

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে থাকা হামজা সেখানে কথা বলেছেন। টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগকে বড় পাওয়া হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্য যাচাই এবং অভিজ্ঞতা অর্জনের দিকটিও গুরুত্ব দিচ্ছেন এই মিডফিল্ডার।

হামজা বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত। আমাদের জন্য এটি বড় একটি সুযোগ। কারণ, এমন কিছু দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, যারা র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। তাই অভ্যন্তরীণভাবে আমাদের লক্ষ্য হলো যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি, আমরা কী করতে সক্ষম। ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখারও একটি প্রক্রিয়া। যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং আশা করি, দেশকে গর্বিত করতে পারব।’

ইন্দোনেশিয়ায় পৌঁছে এখন পর্যন্ত দলের অভিজ্ঞতাও বেশ ইতিবাচক হামজার। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের প্রতি তাদের আগ্রহ এবং অনুশীলনের সুযোগ-সুবিধা সবকিছুই মুগ্ধ করেছে তাকে। শুক্রবারের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন তিনি।

‘সত্যি বলতে, যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমনই। এখানকার মানুষ অসাধারণ, খুব বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। এখানে ফুটবলও অনেক বড় বিষয়। সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। তাই শুক্রবার খেলতে নামার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, কী হয়,’ বলেন হামজা।

প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়েও বাস্তব ধারণা আছে হামজার। র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা দলটির দলে মানসম্পন্ন খেলোয়াড় এবং ভালো কোচ আছেন বলে মনে করেন তিনি। এমনকি পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে দলটি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার দৌড়ে থাকবে বলেও মনে করেন বাংলাদেশের এই তারকা।

হামজার ভাষায়, ‘তারা অবশ্যই ভালো র‍্যাঙ্কিংয়ে আছে। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, খুব ভালো একজন প্রধান কোচও আছেন। বিশেষ করে পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বের কথা যদি বলেন, বিশ্বকাপে যাওয়ার দৌড়ে তারা থাকবে না, এমনটা হলে আমি অবাক হব। একটি দেশ হিসেবে তারা ফুটবলের ওপর অনেক গুরুত্ব দেয়। তাই আমার মনে হয়, তাদের খুব ভালো একটি দল আছে।’

এশিয়ান গেমসের মঞ্চে নামার আগে দলের অনুশীলনের পরিবেশ নিয়েও সন্তুষ্ট হামজা। অনুশীলনের মাঠগুলোকে মানসম্মত ও নিজেদের জন্য উপযোগী বলে উল্লেখ করেছেন তিনি। এখনো মূল স্টেডিয়াম দেখার সুযোগ না হলেও সব মিলিয়ে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না এই মিডফিল্ডার, ‘মাঠগুলো খুব ভালো। আমাদের জন্য একেবারে নিখুঁত। অনুশীলনের জন্য মানসম্মত মাঠ পেয়েছি। আমরা উপভোগ করছি। এখনো স্টেডিয়াম দেখিনি, ইনশাআল্লাহ আগামীকাল দেখব। তবে এখন পর্যন্ত অভিযোগ করার মতো কিছুই নেই। হোটেলও অসাধারণ, সবাই খুব বন্ধুত্বপূর্ণ। আমরা এখানে ভালো সময় কাটাচ্ছি।’
 

Most Popular