রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপরাধী চক্র ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এসআরবি-৪ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
গ্রেপ্তার ৪ জন হলেন—শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) ও সৌরভ ব্যাপারী (১৯)।
কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পল্লবী ১২ নম্বরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মশিউরের নেতৃত্বাধীন ওই চক্রের সশস্ত্র সদস্য সোহাগকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা গুলি এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ তদন্তকারীদের জানান, এ চক্রের সদস্যরা পল্লবী, মিরপুর, শাহ আলী, কাফরুল ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা সশস্ত্র মহড়া দিতেন এবং সেসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেন বলেও অভিযোগ রয়েছে।
এসআরবি জানায়, চক্রটি পেশাদার অপরাধীদের কাছে আগ্নেয়াস্ত্র ভাড়া দিত, যা দিয়ে হত্যা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অন্যান্য অপরাধমূলক কাজ করা হতো।
সোহাগের বিরুদ্ধে অস্ত্র রাখা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে পল্লবী ও তেজগাঁও থানায় ৫টি মামলা রয়েছে বলে জানায় এসআরবি।
সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের কাছে আরেকটি অভিযান চালানো হয়। সেসময় ডাকাতির প্রস্তুতির জন্য চক্রটির ৭-৮ জন জড়ো হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় এসআরবি।
তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি সামুরাই, স্টিলের অস্ত্র, দেশীয় অস্ত্র, ৩০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার রনি মিরপুরে ফোর স্টার গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং ‘বোমা কাল্লু’ নামে পরিচিত চক্রের এক সদস্যের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে ডাকাতি, হামলা ও মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে পল্লবীসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।
এছাড়া হাসিব একটি প্রতারণা মামলার আসামি।
এসআরবি জানায়, গ্রেপ্তার ৬ জনই মশিউরের নেতৃত্বাধীন ফোর স্টার গ্রুপের ছত্রচ্ছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বাহিনীটি।
