Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশকৃষিবাস্তুতন্ত্রভিত্তিক চর্চায় উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বাড়ানোর সুপারিশ

কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক চর্চায় উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বাড়ানোর সুপারিশ

কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক (অ্যাগ্রোইকোলজি) পদ্ধতি উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখছে। এ পদ্ধতির চর্চা সম্প্রসারণ এবং কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম যুক্ত করার সুপারিশ করেছেন গবেষকরা।

গতকাল সোমবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে কারিতাস বাংলাদেশের আয়োজনে এক জাতীয় সেমিনারে ‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষণায় দেখা গেছে, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠ বিদ্যালয়ে (ফার্মার ফিল্ড স্কুল) অংশ নিয়েছেন ও ৯৭ শতাংশের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ। দুর্যোগ-পরবর্তী সময়ে প্রকল্পভুক্ত পরিবারের ৭৩ শতাংশ নিজেদের সঞ্চয় কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। অন্যদিকে, প্রকল্পের বাইরের ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে।

সেমিনারে বক্তারা কৃষকের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার পাশাপাশি স্থানীয় বীজ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

কৃষক গোষ্ঠী ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানো, আয়ের উৎস বহুমুখীকরণ এবং জাতীয় অভিযোজন পরিকল্পনা ও ডেল্টা প্ল্যান ২১০০-তে কৃষিবাস্তুসংস্থানভিত্তিক চর্চা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয় সেমিনারে।

 

Most Popular