গাজীপুরে আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা এদিন সকাল ১১টার দিকে ভোগড়া, গাজীপুরা, বোর্ড বাজার ও বড়বাড়ী এলাকার কারখানা ছেড়ে রাস্তায় নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পাশাপাশি জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তারিকুল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিক্ষোভকারী শ্রমিকরা সালনা এলাকায় অবস্থান করছেন।’
যান চলাচল বন্ধ হয়ে গেলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগড়া থেকে বড়বাড়ী পর্যন্ত হেঁটে যেতে দেখা যায়।
বড়বাড়ী এলাকার এক পোশাকশ্রমিক ডেইলি স্টারকে বলেন, ‘বেতন না বাড়ানো পর্যন্ত আমরা সড়কে আন্দোলন চালিয়ে যাব।’
শ্রমিক অসন্তোষের কারণে মালিকপক্ষ দুপুর ১টা পর্যন্ত ৭০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে বলে ডেইলি স্টারকে জানান গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন।
