একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিন্তু এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ, অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও খেলাপি ঋণের বোঝায় ব্যাংকটি এখন গভীর সংকটে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সরকারকে কৌশলগত অংশীদার করার প্রস্তাব দিয়েছে ব্যাংকটি।
প্রস্তাব অনুযায়ী, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির প্রায় ৮০ শতাংশ মালিকানা সরকারের হাতে যেতে পারে। তবে প্রশ্ন উঠেছে, সরকারি মালিকানায় গেলে কি ব্যাংকটির সংকট কাটবে, নাকি এতে নতুন সমস্যার সৃষ্টি হবে?
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া এক প্রস্তাবে ইসলামী ব্যাংক ৬ হাজার কোটি টাকা নতুন মূলধন সংগ্রহের পরিকল্পনা জানিয়েছে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ব্যক্তিগতভাবে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংকটির প্রায় ৮০ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে বলে জানিয়েছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন জানিয়েছেন, মূলধন বাড়াতে একজন কৌশলগত অংশীদার খুঁজছে ইসলামী ব্যাংক।
তার ভাষ্য, বেসরকারি খাত থেকে বড় অঙ্কের বিনিয়োগকারী পাওয়া কঠিন। এছাড়া বেসরকারি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হলে ব্যাংকটির সাবেক মালিকপক্ষ আবারও শেয়ার কিনে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পেতে পারে।
তিনি জানান, ব্যাংকটির বিপুল পরিমাণ বিনিয়োগ খেলাপি ঋণে পরিণত হয়েছে। পাশাপাশি কম খরচে আমানত সংগ্রহ করতেও সমস্যায় পড়ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ১৭ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এসব কারণে নতুন বিনিয়োগের বিনিময়ে শেয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, কৌশলগত অংশীদার হলে সরকার ব্যাংকটির সংখ্যাগরিষ্ঠ মালিকানা পাবে। পাশাপাশি স্বাধীন পরিচালকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হবে।
তবে এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনো জানা যায়নি। অন্যদিকে সরকারেরও অর্থসংকট রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একসময় দেশের ব্যাংকিং খাতে ভালো অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতির অবনতি শুরু হয় ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে ব্যাংকটির মোট ঋণের প্রায় ৮০ শতাংশ এস আলম গ্রুপের নিজস্ব ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যায়। এতে ব্যাংকিং আইন ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে।
হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে বর্তমানে এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগে এস আলম গ্রুপ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান নিজেদের নামে ও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ব্যাংকটির প্রায় ১৩১ কোটি শেয়ার কিনেছিল। এসব শেয়ার ব্যাংকের মোট শেয়ারের ৮১ শতাংশের বেশি। আদালতের নির্দেশে বর্তমানে এসব শেয়ার জব্দ আছে। সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১৮ দশমিক ০৮ থেকে ১৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার।
এদিকে ব্যাংকটিতে নেতৃত্বের সংকটও প্রকট। জুন মাস থেকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই। গত এপ্রিল মাসে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর থেকে স্থায়ী ব্যবস্থাপনা পরিচালকও নেই। বর্তমানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ নিয়েও ব্যাংকিং খাতে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। পরে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করেন। এসব ঘটনার পর ব্যাংকটিতে টাকা তুলে নেওয়ার চাপ বাড়ে, যা আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে।
ইসলামী ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ মনে করছেন, সরকারের সহায়তা ছাড়া ব্যাংকটির তাৎক্ষণিক সংকট কাটানো কঠিন। আবার কেউ আশঙ্কা করছেন, রাষ্ট্রীয় মালিকানা ব্যাংকটির পরিচালনায় নতুন জটিলতা তৈরি করতে পারে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করে সরকার যেন আরেকটি অকার্যকর রাষ্ট্রায়ত্ত ব্যাংক তৈরি না করে।
তিনি বলেন, দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক ও পরিচালনগত অবস্থা ভালো নয়। তার পরামর্শ, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণগুলো একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যেতে পারে। এতে ব্যাংকের হিসাব থেকে ঝুঁকিপূর্ণ সম্পদ সরিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হবে।
আশিকুর রহমানের মতে, ব্যাংকটিতে আগে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ ছিল। সুশাসন নিশ্চিত করা গেলে সেই বিনিয়োগ আবার ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য রাজনৈতিক ও সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানার সুযোগ নিয়ে কোনো প্রভাবশালী গোষ্ঠী যেন আবার ব্যাংকটির নিয়ন্ত্রণ নিতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব বলেন, সরকার যদি করদাতাদের অর্থ দিয়ে কোনো ব্যাংককে বাঁচাতে চায়, তবে সেটি হতে হবে একেবারে শেষ পদক্ষেপ। অন্য কোনো উপায় না থাকলেই কেবল এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
তার মতে, সরকারি অর্থ দিয়ে ব্যাংককে সহায়তা করা হলে যারা ব্যাংকটির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের সম্পদ জব্দ করে ব্যাংকের ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগও নিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, বিকল্প পথগুলো বিবেচনা না করেই সরকার হঠাৎ অর্থ সহায়তা দিলে বাজারে ভুল বার্তা যাবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরও ইসলামী ব্যাংকের মালিকানা সরকারের হাতে নেওয়ার প্রস্তাবের সমালোচনা করেছেন। শনিবার এক আলোচনায় তিনি বলেন, সরকারি অর্থ ব্যয় করে এত বড় একটি বেসরকারি ব্যাংক জাতীয়করণের প্রয়োজন ছিল না।
তার মতে, অনেক উদ্যোক্তা ব্যাংকটি কিনতে আগ্রহী হতে পারেন। তাই ব্যাংকটিকে তাদের কাছে ছেড়ে দেওয়ার সুযোগ তৈরি করা উচিত।
তিনি আরও বলেন, ব্যাংকটির সংকট সমাধানে আগের উদ্যোগগুলো সফল হয়নি। বর্তমান পদ্ধতিও সন্তোষজনক নয়। সামগ্রিকভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দ্রুত বেসরকারি খাতে ছেড়ে দেওয়া এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরকারের সরে আসা উচিত।
ব্যাংকের পরিচালনা পর্ষদে সচিব ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বারবার নিয়োগ দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে যেন তাদের বাইরে আর কেউ যোগ্য নন। এ ধরনের মানসিকতা নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালনা করা সম্ভব নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক বিরূপাক্ষ পাল মনে করেন, ইসলামী ব্যাংককে সহায়তা করতে সরকারের এগিয়ে আসা উচিত।
তার ভাষায়, ব্যাংকটির অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, তাৎক্ষণিক তারল্য সহায়তা ছাড়া আর কোনো সমাধান নেই। আর এই সহায়তা দেওয়ার সক্ষমতা সরকারেরই রয়েছে।
তবে সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর অতীত অভিজ্ঞতা নিয়ে তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, এসব ব্যাংকে প্রায়ই রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়। এর ফলে খেলাপি ঋণের সংস্কৃতি আরও শক্তিশালী হয়, যা বাংলাদেশে ইতোমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে।
ইসলামী ব্যাংকের সংকট কেবল মূলধনের ঘাটতি কিংবা তারল্য সমস্যায় সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বিপুল খেলাপি ঋণ, মালিকানা নিয়ে জটিলতা, পরিচালনাগত দুর্বলতা এবং সুশাসনের অভাব। ফলে কেবল সরকারি অর্থ বিনিয়োগ করে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
একদিকে ব্যাংকটির তাৎক্ষণিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি, অন্যদিকে অতীতের অনিয়মের দায় নির্ধারণ এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সরকারি মালিকানা ব্যাংকটির জন্য সাময়িক স্বস্তি আনতে পারে। কিন্তু সুশাসন ও জবাবদিহি নিশ্চিত না হলে সেই সহায়তাই শেষ পর্যন্ত নতুন আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।
