Tuesday, November 24, 2026
Homeখেলাগিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি

বোলারদের সুবিধার্থে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারত অধিনায়ক শুবমান গিল। তবে তার সেই দাবিতে সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আপাতত এই নিয়ম শিথিল করার কোনো পরিকল্পনা নেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে রানের বন্যার প্রথম টেস্ট ড্র হওয়ার পর সোমবার লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান গিল। তার মতে, বোলারদের রিভার্স সুইং পেতে এই পুরোনো নিয়মটি ফিরিয়ে আনা জরুরি।

তবে বার্তা সংস্থা এএফপি জানতে পেরেছে, আইসিসি এখনই এই নিয়মে কোনো পরিবর্তন আনছে না। বলের আকৃতি বা অবস্থা পরিবর্তনের যেকোনো অন্যায্য পদ্ধতির মতোই লালা ব্যবহারকে দেখছে সংস্থাটি। চুইংগাম, মিন্ট বা মিষ্টিজাতীয় খাবারের সঙ্গে লালা মিশে বলের স্বাভাবিক অবস্থার বড় পরিবর্তন ঘটাতে পারে, যা মাঠে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা আম্পায়ারদের জন্য অত্যন্ত কঠিন।

পুরোনো বলের এক পাশ চকচকে এবং অন্য পাশ খসখসে রাখতে লালার ব্যবহার পেসারদের দেরিতে সুইং পেতে দারুণভাবে সাহায্য করে।

ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পর গিল বলেন, ‘আমরা কোভিডের সময় অনেক আগেই পার করে এসেছি, তবুও কেন এখনো বলে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না, তা আমার বোধগম্য নয়। সাত-আট বছর হয়ে গেল, আমি এখনো বুঝি না কেন তারা এটি চালু করছে না। আমার মনে হয়, বোলারদের উইকেট পেতে সংগ্রাম করার পেছনে এটিও একটি বড় কারণ।’

ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের মাঝামাঝি সময়ে ৯ উইকেটে ৭২০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ভারত। জবাবে নিউ জিল্যান্ড ১২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচিয়ে নেয়।

গত বছর বোলারদের কথা বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনই তেমন কোনো প্রয়োজন দেখছে না আইসিসি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ভারত ও নিউ জিল্যান্ড এখন ক্রাইস্টচার্চে যাচ্ছে। শুক্রবার শুরু হতে যাওয়া সেই ম্যাচে চিরাচরিত সবুজ ও পেস-সহায়ক উইকেট প্রত্যাশা করছেন দুই দলের অধিনায়কই।

 

Most Popular