Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশনজরদারির ফাঁক দিয়ে যেভাবে দেশে ঢুকছে স্বর্ণের চোরাচালান

নজরদারির ফাঁক দিয়ে যেভাবে দেশে ঢুকছে স্বর্ণের চোরাচালান

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটে করে বাংলাদেশে স্বর্ণ চোরাচালান অব্যাহত রয়েছে। চক্রগুলো বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এসব স্বর্ণ ভারতে পাচার করছে।

চোরাকারবারিরা প্রতিনিয়ত নতুন কৌশল নেওয়ায় বিপুল পরিমাণ স্বর্ণ দেশে প্রবেশ করছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এগুলো শনাক্তও করা যাচ্ছে না। এ অবৈধ কারবারে কেবিন ক্রু ও বিমানবন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারীর জড়িত থাকার অভিযোগও আছে।

সম্প্রতি উড়োজাহাজের টয়লেটের প্যানেলের পেছনে, যাত্রীর আসনের নিচে, ফলের বাক্সে, এমনকি এয়ারলাইনসের কর্মীদের জুতার ভেতর থেকেও স্বর্ণ উদ্ধার হয়েছে।

কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্বর্ণ চোরাচালান রুটের প্রধান কেন্দ্র এখনো দুবাই। এছাড়া হংকং, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট থেকেও স্বর্ণের বড় চালান আটক হয়েছে।

২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত মোট ১ হাজার ৮৮৯ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ পরিসংখ্যানে দেশের অন্যান্য সংস্থার জব্দ করা স্বর্ণের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৭২৮ কেজির বেশি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে, এত পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হলেও এগুলোকে ‘সাগরের এক ফোঁটা জলের’ সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান।

তার ভাষ্য, এ অবৈধ চোরাচালানের অর্থায়নকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কাস্টমস হাউসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, নির্ভরযোগ্য তথ্য ছাড়া নির্বিচারে ব্যাপক তল্লাশি চালানো সম্ভব নয়। তাই গোপন স্থানে রাখা স্বর্ণের চালান খুঁজে বের করতে কর্মকর্তাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করতে হয়।

গত ১২ মে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া বাজুসের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর প্রায় ৪ হাজার কোটি টাকার স্বর্ণ চোরাই পথে দেশে প্রবেশ করে।

সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও হংকং থেকে আসা ফ্লাইটের উল্লেখ রয়েছে। তবে চালানের যাত্রা শুরুর স্থান থেকে স্বর্ণের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।

বছরের পর বছর ধরে চোরাচালান চক্রগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশে স্বর্ণ আনছে এবং সেগুলো ভারতের সীমান্তবর্তী এলাকায় পাঠিয়ে যাচ্ছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে এসব চালান যশোরের বেনাপোল ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় নেওয়া হয়।

২০২৩ সালের জুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ‘ভাই-ভাই’ নামে একটি স্বর্ণ চোরাচালান চক্রের সন্ধান পায়। কুমিল্লার দুই ভাইয়ের নেতৃত্বে পরিচালিত এই চক্র দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে স্বর্ণ পাচার করত।

গৌতম নামে এক ভারতীয় নাগরিকেরও সন্ধান পায় সিআইডি, যিনি ভারতে এসব চালান গ্রহণ করতেন বলে জানা গেছে।

এর আগে, বেনাপোলে ১৩৫টি স্বর্ণের বারসহ ছয় সন্দেহভাজন বাহককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অর্থপাচারের অভিযোগে তদন্ত করে চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত ও ৪৬টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করে সিআইডি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে পরিচালিত চক্রের সন্দেহভাজন প্রায় ৫০ ‘সংগঠকের’ পরিচয় শনাক্ত করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বাংলাদেশে এ চক্রের সঙ্গে যুক্ত মাঝারি পর্যায়ের কর্মীর সংখ্যা ২০০ জনের বেশি বলে জানা গেছে।

ভারতীয় সংস্থাগুলোর তদন্তেও আন্তসীমান্ত চোরাচালান চক্র সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

গত ৭ জানুয়ারি এক বিবৃতিতে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) জানায়, দিল্লি ও আগরতলায় অভিযান চালিয়ে বিদেশি উৎসের ২৯ কেজির বেশি স্বর্ণ জব্দ ও চক্রের চার সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুবাই ও বাংলাদেশভিত্তিক ব্যক্তিদের মাধ্যমে চক্রটি পরিচালিত হতো। ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর এসব চালান অভ্যন্তরীণ কার্গো সেবার মাধ্যমে দিল্লিতে নেওয়া হতো।

এরপর জুলাইয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় প্রায় ২৪ কেজি স্বর্ণ জব্দ করে ডিআরআই। এ ঘটনায় সাতজন বাহককে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৬৯৫ কেজির বেশি স্বর্ণ জব্দ ও ৩৩৪ জনকে আটক করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আরও ৩৩ কেজি স্বর্ণ জব্দ ও ৩৭ জনকে আটক করা হয়েছে।

যোগাযোগ করা হলে বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান ডেইলি স্টারকে বলেন, গোয়েন্দা মূল্যায়ন ও আগের উদ্ধার অভিযানের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানের ১০টি প্রধান রুট ও সংযোগস্থল শনাক্ত করা হয়েছে।

তবে তথ্যের সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি সেসব স্থানের নাম প্রকাশ করতে রাজি হননি।

মাহবুব মুর্শেদ আরও বলেন, বিজিবি নজরদারি জোরদার করেছে। সীমান্তের দুই পাশে চোরাচালানে অর্থায়নকারী, মধ্যস্থতাকারী ও সংশ্লিষ্ট চক্রগুলোকে শনাক্ত করতে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে বিজিবি।

সাম্প্রতিক সময়ে স্বর্ণ জব্দের ঘটনাগুলোতে দেখা গেছে, যাত্রীদের ব্যাগেজ, উড়োজাহাজের বিভিন্ন অংশ ও বাণিজ্যিক কার্গো সেবাও চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত অন্তত ছয়টি ঘটনায় বিমান সংস্থা ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

অক্টোবরে জুতার ভেতর থেকে ৯ কেজির বেশি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১৪ কেজি স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিমানের এক কারিগরি সহকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়া, পৃথক দুটি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বেবিচকের একজন বোর্ডিং ব্রিজ অপারেটর ও একজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এগুলোর পাশাপাশি বিমানের একটি কার্গো হোল্ড থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি ও জুলাইয়ে হংকং থেকে আসা ফলের চালানের ভেতরে লুকানো ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

যদিও এগুলো কোনো সংস্থার আনুষ্ঠানিক পরিসংখ্যান নয়, গণমাধ্যমে প্রকাশিত হিসাব।

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, স্বর্ণ চোরাকারবার, মানব পাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বাহিনীর বেশ কয়েকজন সদস্যের প্রোফাইল তৈরি করেছে পুলিশ সদর দপ্তর।

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ডেইলি স্টারকে বলেন, বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টদের সঙ্গে আগে থেকে সমঝোতা ছাড়া বিমানবন্দর দিয়ে বড় চালান পার করা কঠিন। এক্ষেত্রে বিমান, কাস্টমস কিংবা পুলিশের কিছু কর্মীও জড়িত থাকতে পারেন।

তবে কয়েকজন কর্মীর কর্মকাণ্ডের দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, চোরাচালান চক্রগুলোর কর্মকাণ্ড পুলিশ পর্যবেক্ষণ করছে ও অবৈধ স্বর্ণ কারবারে জড়িতদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে।

ঢাকা কাস্টমস হাউসের তৎকালীন অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান বলেন, কাস্টমস কর্মকর্তারা সার্বক্ষণিক সতর্ক রয়েছেন ও নিয়মিত উড়োজাহাজে তল্লাশি চালান।

স্বর্ণ চোরাকারবার বন্ধে যাত্রা শুরুর স্থানগুলোতে আরও কার্যকর তল্লাশি ও সীমান্তের দুই পাশের সংস্থাগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Most Popular