Saturday, November 28, 2026
Homeখেলা১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই

১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই

সবুজ ঘাসে ঢাকা উইকেটে পেসারদের জন্য ছিল বাড়তি সহায়তা। টস জিতে ভারতও নিল আগে বোলিংয়ের সিদ্ধান্ত। কিন্তু মাঝে আভাস দিলেও দিনভর সেই সুবিধা কাজে লাগাতে পারল না সফরকারীরা। টম ল্যাথাম ও টম ব্লান্ডেলের ফিফটিতে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। শুক্রবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছে স্বাগতিকরা।

নিজের ৫০তম টেস্ট খেলতে নেমে ১১৭ বলে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল। তাকে সঙ্গ দিচ্ছেন গ্লেন ফিলিপস। ৬৪ বলে ৩৬ রানে খেলছেন তিনি। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৬২ রান।

হ্যাগলি ওভালের উইকেটে ঘাসের আধিক্য থাকায় শুরু থেকেই সুইং ও বাউন্সের প্রত্যাশা ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাইন ও লেংথে ধারাবাহিকতার অভাবে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রাখতে পারেনি ভারতের পেস আক্রমণ।

দিনের শুরুতে সাবধানী ব্যাটিংয়ে উইকেটে থিতু হয়ে যান কিউই ওপেনাররা। নির্বিঘ্নে প্রথম সেশন পার করার কাছাকাছি পোঁছেও যান তারা। কিন্তু মধ্যাহ্নবিরতির ঠিক আগে গুরনুর ব্রারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ডেভন কনওয়ে, ৭৯ বলে ৩১ রান করে। তার বিদায়ে ৭৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। অভিষিক্ত পেসার ব্রারের জন্য এটি ছিল টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট।

দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়েন ল্যাথাম। প্রথম টেস্টের দুই ইনিংসেই দুটি করে বল খেলে শূন্য রানে আউট হওয়া এই অধিনায়ক এবার তুলে নেন ফিফটি। যদিও ২৯ রানে একবার জীবন পান তিনি। আকাশ দীপের বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামে তার ইনিংস। ল্যাথাম করেন ১২৮ বলে ৫৯ রান।

এরপরই ছন্দপতন ঘটায় চাপে পড়ে স্বাগতিকরা। পরের ওভারে আনশুল কাম্বোজের বলে বাজে পুল শটে দীপের হাতে ক্যাচ দেন হেনরি নিকোলস। তার সংগ্রহ ৪৬ বলে ১৬ রান। দীপের পরের ওভারে উইকেটরক্ষক রিশভ পান্তের গ্লাভসবন্দি হন রাচিন রবীন্দ্র। ৯ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

ফলে ১৬ বলের মধ্যে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১১০ রানে চতুর্থ উইকেটের পতন হওয়ায় দেখা দেয় ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তা।

সেই চাপ সামাল দিতে ব্লান্ডেলের সঙ্গে যুক্ত হন ড্যারিল মিচেল। দুজনের ৭৪ রানের জুটিতে পাল্টা লড়াইয়ের ভিত মেলে। মিচেল ৭৪ বলে ৩১ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে লেগ স্লিপে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও উইকেট আঁকড়ে থাকেন ব্লান্ডেল। শেষ সেশনে ফিলিপসকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ আড়াইশর কাছাকাছি নিয়ে যান তিনি। ভাগ্যও সঙ্গ দেয় ব্লান্ডেলকে। ৪৯ রানে থাকতে তার তোলা দুরূহ ক্যাচ নিতে পারেননি যশস্বী জয়সওয়াল।

ভারতের হয়ে দীপ ২১ ওভারে ৫২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাকি তিনটি উইকেট ভাগ করে নিয়েছেন ব্রার, কাম্বোজ ও সুন্দর। অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহই কেবল উইকেটশূন্য আছেন।

Most Popular