Thursday, August 20, 2026
Homeবাংলাদেশমেসে খাবার নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষার্থী নিহত

মেসে খাবার নিয়ে দ্বন্দ্ব, ধারালো অস্ত্রের আঘাতে শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ শহরে মেসে খাবার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনগর মহিলা কলেজপাড়ার একটি মেসে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার আহমেদ (২১) ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি হরিণাকুণ্ডু পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজ্জামান ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওই মেসের বাসিন্দা শহরতলীর বাড়িবাথান দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে (১৭) আটক করেছে পুলিশ।

জানতে চাইলে ওই মেসের ব্যবস্থাপক তারেক রহমান ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরের খাবার নিয়ে কাউসারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরেক শিক্ষার্থী। সে জুনিয়র হলেও কাউসারকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কাউসারের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আমিসহ কয়েকজন দ্রুত কাউসারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঝিনাইদহ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ এমরান ডেইলি স্টারকে বলেন, ‘কাউসারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’

পুলিশ জানিয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শিক্ষার্থী ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনগর মহিলা কলেজ এলাকায় জাফর খার বাসার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে মেস করে থাকেন।

ওসি মো. আসাউজ্জামান বলেন, ‘মেসে দুপুরের খাবারে ভাত কম পড়ায় কাউসার ও আটক শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে কাউসারকে এলোপাতাড়ি মারধর করে ওই শিক্ষার্থী। মেসের অন্য সদস্যরা মধ্যস্থতা করলে কিছু সময়ের জন্য মারামারি বন্ধ হলেও আবার তারা মারামারিতে জড়ায়। একপর্যায়ে ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কাউসারকে আঘাত করা হয়।’

‘এতে মারাত্মক আহত কাউসারকে হাসপাতালে নেওয়া হলে পথেই তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার অভিযোগ স্বীকার করেছে,’ বলেন তিনি।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Most Popular