Saturday, July 25, 2026
Homeবাংলাদেশআশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’

আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলি, নারীকে জিম্মি করে পালাল ‘শুটার বাপ্পি’

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে তাদের সামনেই এক নারীকে জিম্মি করে পালিয়ে গেছে বাপ্পি।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, চৌধুরী প্লাজার একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের কথা জানতে পেরে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা গুলি ছোড়ে, পুলিশও তখন পাল্টা গুলি চালায়। এরপর ১২টার দিকে এক নারীকে জিম্মি করে বাপ্পি ওই ভবন থেকে পালিয়ে যায়।

ওসি তারিকুল ইসলাম বলেন, ‘আমরা যদি তখন গুলি করতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তাহলে ওই নারীর জীবন ঝুঁকির মুখে পড়ত। শুধু সে কারণেই আর গুলি করা হয়নি।’

বিকেল সোয়া ৩টার দিকে তিনি জানান, বাপ্পির অন্য সহযোগীদের ধরতে পুলিশ এখনো ভবনটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চলছে।

পুলিশ জানায়, বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগেও জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়েছিল বাপ্পির বাহিনী।

Most Popular