মুন্সীগঞ্জের সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে মেঘনার শাখা নদীতে অভিযান পরিচালনা করছে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সামারচর এলাকায় সংঘর্ষে জড়ায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকরা।
সূত্র জানিয়েছে, আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও রহিম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
তবে সংঘর্ষ মূলত চরকেন্দ্রীক আধিপত্য বিস্তার নিয়ে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত সপ্তাহেও এই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এদিন সংঘর্ষ চরডুমুরিয়া-সামারচর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময়ে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন, জানান তারা।
এ সময় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলিম মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।
তবে আওলাদ দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রহিম মোল্লার সমর্থকরা এই হামলা চালিয়েছেন।
‘আজ সকালে হঠাৎ ওই পক্ষের লোকজন তিনটি ভিন্ন রঙের জার্সি পরে সংঘবদ্ধভাবে আমাদের এলাকায় হামলা করে। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী। আমার জনপ্রিয়তা আছে। কিন্তু রহিমের জনপ্রিয়তা নেই। সেই কারণে আমাদের এলাকা ছাড়া করতে এই হামলা চালানো হয়েছে,’ দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।
এ ব্যাপারে রহিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে দেখা গেছে, রহিম মোল্লা বিদেশে অবস্থান করছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ইরাদত মানুকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।
অভিযোগ উঠেছেন, সংঘর্ষের সময় মেঘনার শাখা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন।
তার সন্ধানে সকালে অভিযান শুরু করে ডুবুরি দল। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে নিখোঁজের সংবাদ আসে। ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
‘নিহত ব্যক্তির মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,’ বলেন তছলিম উদ্দিন।
তিনি আরও জানান, এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়া একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
