Friday, November 27, 2026
Homeখেলাআনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ

আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাবে এই ইতালীয় কোচের পক্ষ নিয়েছেন পেপ গার্দিওলা। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক সতীর্থকে আনচেলত্তির ওপর আস্থা রাখার এবং আরও কিছুটা সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর আনচেলত্তির কড়া সমালোচকদের একজন হয়ে উঠেছেন রোমারিও। তবে কোচিং ক্যারিয়ারে বহুবার আনচেলত্তির দলের মুখোমুখি হওয়া গার্দিওলা রোমারিওর এই মতের সঙ্গে একমত নন।

জবাবে রোমারিও যুক্তি দেন যে, ব্রাজিলের হার নিয়ে তার কোনো ক্ষোভ নেই, বরং দলের খেলার ধরন নিয়েই তার যত আপত্তি।

এর উত্তরে গার্দিওলা বলেন, ‘আমি ব্রাজিলিয়ান ফুটবলারদের কোচিং করিয়েছি। সবাই বলে, এখানকার চাপ বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি। বিষয়টি আসলেই খুব কঠিন।’

আনচেলত্তির সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ আরও বলেন, ‘আমি কার্লোকে কিছুটা চিনি। তার বিপক্ষে অনেকবার খেলেছি, তিনি আমাকে অসংখ্যবার হারিয়েছেন। মানুষ হিসেবে তিনি অসাধারণ এবং তার সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি নতুন একটি দেশে, নতুন সংস্কৃতিতে এসেছেন। মানিয়ে নিতে মাঝেমধ্যে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। আপনি তো জানেনই, জাতীয় দলকে অনুশীলন করানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। দেখা যাক সামনে কী হয়।’

ক্লাব ফুটবল ছেড়ে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নেওয়া কোচদের চ্যালেঞ্জের কথা তুলে ধরে গার্দিওলা বলেন, ‘প্রথমবার ক্লাব থেকে জাতীয় দলে আসা বেশিরভাগ কোচের ক্ষেত্রেই এমনটা ঘটে। দিনশেষে ফুটবল তো ফুটবলই; এখানে সময় কম থাকে এবং এর সঙ্গে মানিয়ে নিতে হয়। তবে দুঃখিত মারিও (রোমারিও), আমি কার্লোর সামর্থ্য নিয়ে সন্দেহ করতে পারব না; এটা অসম্ভব। আমি তাকে চিনি। লোকে বলে, তিনি দলকে খুব ভালোভাবে সামলাতে পারেন; সবাই বলে তিনিই সেরা। আমি তার বিপক্ষে খেলেছি, তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী সিদ্ধান্ত নিতে পারেন।’

কোচিং পেশার কঠিন বাস্তবতা মনে করিয়ে দিয়ে গার্দিওলা সবশেষে যোগ করেন, ‘আমার মতো তিনিও জানেন, জিততে না পারলে টিকে থাকা যায় না। আমি কেন এত বছর ম্যানচেস্টার সিটিতে থাকতে পেরেছিলাম? কারণ আমরা অনেক কিছু জিতেছিলাম। তা না হলে বাড়ি ফিরে যেতে হতো।’

 

Most Popular