নতুন শিক্ষাবর্ষে ৫০ শিক্ষার্থী ভর্তি করতে যাচ্ছে দেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’। অনুমোদনের প্রক্রিয়া এবং একাডেমিক কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত জায়গা আছে কি না—তা নিয়ে প্রশ্ন থাকলেও গত ২৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তের কথা জানায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তত দুটি কমিটিকে এড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ নভেম্বর কলেজটির অনুমোদন দেয়। এরপর ভর্তি প্রক্রিয়া শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
যদিও, অনুমোদন প্রক্রিয়া নিয়ে দুই মন্ত্রণালয় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজটির ছাড়পত্র দিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বুধবার সাংবাদিকদের জানান, তারা এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি।
অথচ, বুধবারই স্বাস্থ্য মন্ত্রণালয় ওই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের অনুমোদন দেয় বলে নথিপত্রে দেখা গেছে। যদিও, একাডেমিক অনুমোদনের আগে কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিতে হয়।
রাজধানীর ফুলবাড়িয়া এলাকার ৫০০ শয্যার সরকারি কর্মচারী হাসপাতালের সঙ্গে এই কলেজটি যুক্ত থাকবে। এই হাসপাতালে মূলত সরকারি কর্মচারী ও তাদের স্বজনরা চিকিৎসা নেন।
কিন্তু, একাডেমিক কার্যক্রমের জন্য হাসপাতালটিতে পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে এবং এর অবস্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাত্র আধা কিলোমিটারের মধ্যে। শ্রেণিকক্ষের জন্য কাছাকাছি একটি ভবন ভাড়া নিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে এখন আলোচনা চালিয়ে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনুমোদন প্রক্রিয়া
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, সরকারি কর্মচারী হাসপাতালে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের পথ সহজ করতে জনপ্রশাসন মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বলেছিল স্বাভাবিক অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে।
স্বাভাবিক প্রক্রিয়ায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেটি তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠায়। এরপর, মন্ত্রণালয়, অধিদপ্তরের ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে স্থান পরিদর্শন ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করা হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হলে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্রগুলো জানায়, সরকারি কর্মচারী মেডিকেল কলেজের অনুমোদনের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান চৌধুরীর সই করা এক আদেশে এই অনুমোদন দেওয়া হয়। এর আগে তিনি স্বাস্থ্যসচিব থাকাকালে গত মে মাসে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ এবং জুন মাসে নরসিংদী মেডিকেল কলেজ অনুমোদনের প্রজ্ঞাপনে সই করেছিলেন। ওই প্রজ্ঞাপনগুলোর বক্তব্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের মিল পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেই। স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে তারা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছিল।’
দুই মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী বক্তব্য
যোগাযোগ করা হলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী প্রথমে তার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সত্যতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার কারণ নেই। এটি ভুয়া হতে পারে। মেডিকেল কলেজের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।’
পরে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনটি পড়ে শোনানোর পর প্রতিমন্ত্রী এর কপি চান। এরপর তিনি বলেন, তার মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি স্থান পরিদর্শন করেছে।
‘সব আনুষ্ঠানিকতা শেষ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ৫০ শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজ পরিচালনার প্রাথমিক অনুমতি দিয়েছে,’ বলেন তিনি।
যদিও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত গত বুধবার বলেন, তার মন্ত্রণালয় এ মেডিকেল কলজে প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন এখনো দেয়নি।
আইইডিসিআরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও সচিব তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন।
নতুন মেডিকেল ও ডেন্টাল কলেজের জমে থাকা আবেদনগুলো যাচাই-বাছাই করে সুপারিশের জন্য গত জুনে প্রতিমন্ত্রী মুহিতকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী বলেন, একটি কার্যকর হাসপাতাল এবং পর্যাপ্ত জায়গা ও অবকাঠামোসহ নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে কমিটি নতুন সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজের প্রস্তাব বিবেচনা করে।
‘তারা একটি চিঠি দিয়ে আমাদের প্রাথমিক প্রস্তাব পাঠিয়েছেন, কোনো সিদ্ধান্ত দেননি। আমরা প্রস্তাবটি নিয়ে ইতিবাচক অবস্থানে আছি। কারণ আমরা মনে করি একটি ভালো মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারি কর্মচারী হাসপাতালে ভালো সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশ রয়েছে,’ বলেন তিনি।
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরই আনুষ্ঠানিকভাবে মেডিকেল কলেজটির অনুমোদন দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
অথচ বুধবার জারি করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেখা যায়, কলেজটিকে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ার পর আলাদাভাবে নিতে হয়।
বুধবার দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। একইসঙ্গে মোট আসনের চূড়ান্ত তালিকায় প্রকাশ করে মন্ত্রণালয়। এতে সরকারি কর্মচারী মেডিকেল কলেজের ৫০টি আসনের উল্লেখ করা হয়েছে।
গতকাল যোগাযোগ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামরুজ্জামান দাবি করেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়ার এখতিয়ার আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
‘সরকারের অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে,’ বলেন তিনি।
তবে এই দাবির সঙ্গে একমত নন সাবেক সচিব ও জনপ্রশাসন গবেষক আবদুল আউয়াল মজুমদার। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আদেশটি সঠিক হলে তা রুলস অব বিজনেস বা কার্যপ্রণালী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’
কার্যপ্রণালী বিধিমালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬০টি কাজের তালিকা রয়েছে। কিন্তু এতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উল্লেখ নেই।
আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘এ বিষয়ে একটি সারসংক্ষেপ অবশ্যই প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। আমি অবাক হচ্ছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ তা সংশোধন করেননি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমানে কোনো সচিব নেই। মন্তব্যের জন্য গত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি। একজন বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং এই প্রক্রিয়াটি ওই মন্ত্রণালয়ের মাধ্যমে হলে ভালো হতো।’
ক্লাসের জায়গা নেই
দেশের বিদ্যমান সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক ও অবকাঠামোতে রয়েছে দীর্ঘদিনের ঘাটতি। এর মধ্যেই নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হলো। এতে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়ালো ৪০টি।
অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষক, অবকাঠামো ও ল্যাবরেটরি সুবিধার ঘাটতির কথা উল্লেখ করে ২০২৫ সালের নভেম্বরে সরকারি মেডিকেল কলেজগুলোতে ২৮০ আসন কমিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ বছরের মে মাসে সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষক পদে অন্তত ৪৩ দশমিক ৩৮ শতাংশ শূন্য ছিল।
অধিদপ্তর সূত্র জানায়, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের মার্চ বা এপ্রিলে ক্লাস শুরুর কথা। কিন্তু সরকারি কর্মচারী হাসপাতাল এখনো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি বলে জানান তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমরা গত মে-জুন থেকেই নরসিংদী ও ঠাকুরগাঁওয়ের নতুন সরকারি মেডিকেল কলেজের প্রস্তুতি নিচ্ছি এবং ক্লাস শুরুর জন্য সেগুলোর অবকাঠামো কমবেশি প্রস্তুত করতে পেরেছি।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বারী জানান, নতুন মেডিকেল কলেজের শ্রেণিকক্ষের জন্য সরকারি কর্মচারী হাসপাতালের কাছাকাছি বাংলাদেশ রেলওয়ের একটি বড় ভবন ব্যবহার করা যেতে পারে। ‘আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি…আন্তঃমন্ত্রণালয় চুক্তির মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থায় আমরা এটি ভাড়া নিতে পারি। সেখানেই ক্লাস হবে,’ বলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজের এত কাছে আরেকটি মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীরা চিকিৎসাবিজ্ঞান পড়ার সুযোগ পাবেন এবং আমাদের হাসপাতালের আরও উন্নয়ন হবে।’
