Friday, November 27, 2026
Homeখেলা৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল

৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল

ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল টেস্ট ক্রিকেটে গড়লেন বিরল এক রেকর্ড। নিজের ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট তিনি খেললেন ৩৩টি আলাদা ভেন্যুতে। এর মধ্য দিয়ে স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যৌথভাবে শীর্ষে উঠলেন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এই কীর্তি গড়েন জয়সওয়াল। লাল বলের ক্রিকেটে ২৪ বছর বয়সী এই ব্যাটারের অভিষেক হয়েছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইন্ডসর পার্কে। এরপর ভারতের জার্সিতে তার খেলা প্রতিটি টেস্টই হয়েছে ভিন্ন ভিন্ন মাঠে।

জয়সওয়ালের আগে এই রেকর্ড ছিল কেবল ভারতেরই আরেকজনের। সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকার ১৯৮৭ থেকে ১৯৯৪ সালের মধ্যে নিজের প্রথম ৩৩টি টেস্ট খেলেছিলেন ৩৩টি আলাদা ভেন্যুতে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন শচীন। ১৯৮৯ থেকে ১৯৯৪ সালের মধ্যে নিজের প্রথম ৩২টি টেস্ট তিনি খেলেছিলেন আলাদা ৩২টি মাঠে। এরপর আছেন ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ রামদিন। দুজনই নিজেদের প্রথম ২৪টি টেস্ট খেলেছিলেন ২৪টি ভিন্ন ভেন্যুতে।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত জয়সওয়াল সাতটি দেশের বিপক্ষে খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১০টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি করে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি করে এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি করে টেস্ট খেলেছেন তিনি। এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা পেয়েছেন।

মাঞ্জরেকারের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সুযোগও রয়েছে জয়সওয়ালের সামনে। আগামী ২০২৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট নাগপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই ম্যাচে তিনি খেললে ভিন্ন ভেন্যুতে টানা টেস্ট খেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৪টি।

তবে এই ধারাবাহিকতা এরপর আর দীর্ঘ হওয়ার সম্ভাবনা কম। সিরিজের বাকি চারটি টেস্ট হওয়ার কথা চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে। এই প্রতিটি ভেন্যুতেই আগে টেস্ট খেলেছেন জয়সওয়াল।

Most Popular