দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সবপক্ষের সহযোগিতা প্রয়োজন হলেও এর মূল দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেছেন, সরকার কতটা আন্তরিক এবং আদৌ সংস্কার চায় কি না, তা নিয়ে নতুন করে আলোচনার অবকাশ নেই। কারণ, সংস্কার কীভাবে হবে, সেই প্রক্রিয়া জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। এখন জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়ন এবং এ নিয়ে তৈরি হওয়া মতপার্থক্য নিরসনই আলোচনার মূল বিষয় হওয়া উচিত।
আজ শুক্রবার ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘সংকট নিরসনের জায়গায় আমাদের সবার সহযোগিতা লাগবে, এটা যেমন ঠিক, তেমনি মূল দায়িত্বটা সরকারের।’
হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদে ৪৮টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে জনগণ রায় দিয়েছে। সংস্কার কীভাবে হবে, কত দিনের মধ্যে হবে এবং কারা বাস্তবায়ন করবে—এসব বিষয়ও জনগণ নির্ধারণ করে দিয়েছে।
তিনি বলেন, ‘সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সংস্কার হবে। ১৮০ দিনের মধ্যে হবে। এই সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে সেই পরিষদের অধিবেশনে সংস্কার করবেন। এসব বিষয় জনগণ সুনির্দিষ্টভাবে অনুমোদন করে দিয়েছে।’
আযাদ বলেন, জাতীয় সংলাপে আরও কোনো দাবি বা বিষয় যুক্ত হবে কি না, কিংবা গণভোটে নির্ধারিত প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করে আলোচনার এজেন্ডা ঠিক করবেন।
জাতীয় সংলাপে একসঙ্গে বসতে চায় ১১ দল
প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রস্তাবিত জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য এককভাবে নয়, জোটবদ্ধভাবে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমান সংকট কোনো একক দলের নয়, পুরো জাতির। তাই এ সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে ভূমিকা রাখা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্য একসঙ্গে জাতীয় সংলাপে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ। জাতীয় ইস্যুতে আমরা একক দল হিসেবে এই সংলাপে অংশ নিতে চাই না।’
তিনি আরও বলেন, ‘১১ দল রাজপথে আন্দোলন করেছে এবং সংসদেও বিরোধী দলের অবস্থান থেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। সংসদ সদস্যরা এ বিষয়ে নোটিশ দিয়েছেন এবং সংসদে আলোচনা হয়েছে। পরে লংমার্চ ও রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে।’
আযাদ বলেন, ‘সংলাপের দিন-তারিখ চূড়ান্ত হলে ১১ দলের শীর্ষ নেতারা বসে আলোচনার এজেন্ডা নির্ধারণ করবেন।’
ইসির সংলাপেও ১১ দলের জন্য আলাদা সময় চাওয়া হবে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগেও ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়।
হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচন কমিশন ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচি নির্ধারণ করে আমন্ত্রণ জানিয়েছে। তবে ১১ দলীয় ঐক্য মনে করে, সংলাপকে অর্থবহ করতে জোটের শরিকদের আলাদাভাবে নয়, একসঙ্গে আলোচনায় অংশ নেওয়া উচিত।
তিনি বলেন, এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে। এখন ১১ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা হবে, যাতে জোটের জন্য আলাদা একটি সময় বরাদ্দ করা হয়।
আযাদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়টিও শুক্রবারের বৈঠকে আলোচনা হয়েছে এবং ১১ দলের পক্ষ থেকে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংলাপের স্থান, সময় ও আয়োজনের ধরন নিয়ে আলোচনা চলছে। সব পক্ষের প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে উপযুক্ত পরিবেশে সংলাপ আয়োজন করা প্রয়োজন।
এ সময় পুরোনো অবস্থানে ফিরে গিয়ে সংকট আরও জিইয়ে রাখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘পুরোনো বয়ান দিয়ে ক্রাইসিস তৈরি হয়েছে, আবার সেই জায়গায় ফিরে যাওয়ার সুযোগ নেই।’
