Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশতাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার, ক্ষতিপূরণের অপেক্ষার শেষ কোথায়

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: ন্যায়বিচার, ক্ষতিপূরণের অপেক্ষার শেষ কোথায়

২০১২ সালের ২৪ নভেম্বর। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সেদিন ১১৭ জন পোশাকশ্রমিক প্রাণ হারান। আহত হন অন্তত দুই শতাধিক। 

আজ মঙ্গলবার সকালে দিনটি স্মরণে কারখানার সামনে শ্রদ্ধা নিবেদন করেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। 

এ সময় নিহতদের স্মরণে নীরবতা পালন, মোনাজাত ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে বক্তারা বলেন, ঘটনার ১৪ বছর পার হলেও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত হয়নি। তাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনসহ ঘটনায় দায়ীদের বিচারও শেষ হয়নি। মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আটকে আছে।

অগ্নিকাণ্ডে আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ‘১৪ বছর ধরে লড়াই-সংগ্রাম করছি। সরকার আশ্বাস দেয়, কিন্তু তা বাস্তবায়ন করে না। নিরুপায় হয়ে গত বছরের ২৩ নভেম্বর থেকে এই পরিত্যক্ত ভবনের নিচে থাকছি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, ক্ষতিপূরণ দিতে হবে, পুনর্বাসন করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর এই খুনি মালিকের শাস্তি নিশ্চিত করতে হবে।’

তাজরীনে আহত আরেক শ্রমিক সবিতা রানি বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার সময় তিনি কারখানার তৃতীয় তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করছিলেন। আগুন লাগার পর তারা মেশিন থেকে উঠে বের হওয়ার চেষ্টা করলে কারখানার ব্যবস্থাপক তাদের আশ্বস্ত করে বলেন, কিছু হয়নি, কাজ করতে।

সবিতা বলেন, পরে ওপর থেকে ধোঁয়া নামতে দেখে তিনি মেশিন ছেড়ে স্যাম্পল রুমে যান। সেখানকার জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। মানুষের পায়ের চাপা পড়ে অনেক কষ্টে বের হন। একপর্যায়ে এক ব্যক্তির বেল্ট ধরে তার সহায়তায় বাইরে আসতে সক্ষম হন।

তিনি বলেন, ‘বাইরে বের হওয়ার পর নিচে লাফ দিলে আমার কোমরের হাড় সরে যায় এবং ভেঙে যায়। এরপর থেকে পঙ্গুত্বের জীবন কাটাচ্ছি। অনেক কষ্টে দিন চলছে। আমরা প্রায় এক বছর ধরে এখানে পড়ে আছি। কিন্তু মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএ কিংবা সরকার, কেউ আমাদের দুর্ভোগের সমাধান করছে না।’

সবিতা আরও বলেন, ‘সরকারপক্ষের লোকজন এসে তাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে যাব না।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘২০১২ সালের ২৪ নভেম্বর আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করে। ঘটনার ১৪ বছরেও দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি। সরকার আসে, সরকার যায়, কোনো সরকারই বিচার করতে চায় না। দোষীরা জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাজরীনের জায়গা বিক্রি করা হচ্ছে।’

তিনি বলেন, দেশের পোশাক খাতের এত বড় হত্যাকাণ্ডের ১৪ বছর পরও শ্রমিকেরা উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পাননি। তাদের দাবিগুলোও পূরণ হয়নি।

Most Popular