Wednesday, November 25, 2026
Homeবাংলাদেশডিভোর্সের পর নির্যাতন ও হয়রানি: নারীরা কেন বিচার চান না?

ডিভোর্সের পর নির্যাতন ও হয়রানি: নারীরা কেন বিচার চান না?

কিশোরী বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী রোমানা আক্তার। কিন্তু সংসার সুখের হয়নি তার। বিবাহবিচ্ছেদের পর তিনি ভেবেছিলেন, সংসার নামক যন্ত্রণাদায়ক অধ্যায়টির ইতি ঘটবে। কিন্তু হয়েছে উল্টো। বিচ্ছেদের পরও টানা পাঁচ বছর ধরে মাদকাসক্ত ও নির্যাতনকারী প্রাক্তন স্বামী তাকে নানাভাবে হয়রানি করে চলেছেন।

ওই ব্যক্তি রোমানার বাসার আশপাশে ওত পেতে থাকতেন। ভুয়া ফেসবুক আইডি খুলে তাদের বিবাহিত জীবনের অন্তরঙ্গ ছবি আত্মীয়স্বজন-বন্ধু, এমনকি রোমানার পোস্টে মন্তব্য করা অপরিচিত মানুষদেরও পাঠাতেন। পরিবার থেকে রোমানার আবার বিয়ের কথা শুরু হয়। কিন্তু ছেলে পক্ষের কাছে নানা বাজে কথা বলে বিয়ে ভেঙে দেন প্রাক্তন স্বামী।

রোমানা বলেন, ‘মানুষটা ভয়ংকর। পাঁচ বছর পার হয়ে গেছে, এখনো সে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বিষাক্ত একটা সংসার থেকে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এখন বিয়ে নামটাই আমার কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।’

লোকলজ্জা আর পরিবারের মানসম্মানের ভয়ে রোমানা কখনো থানা-পুলিশ বা আদালতের দ্বারস্থ হননি।

রোমানার মতো এমন ১০ জন বিবাহবিচ্ছেদ হওয়া নারীর সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার। তাদের মধ্যে ছয়জনের অভিজ্ঞতা বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হয়েছে। তাদের কথায় স্পষ্ট হয়েছে, নির্যাতনের সংসার ভাঙার পরও কীভাবে প্রাক্তন স্বামীর ভয়ভীতি, খবরদারি আর সমাজের বৈষম্য তাদের তাড়া করে ফেরে।

প্রাক্তন স্বামীর হয়রানি, সমাজের বাঁকা চোখ আর আইনি সুরক্ষার দুর্বলতায় এই নারীদের নতুন করে জীবন গোছাতে নানা চরাই-উৎরাই পার করতে হয়েছে। তার ওপর সন্তানের অভিভাবকত্ব নিয়ে টানাপোড়েন, দেনমোহরের টাকা না পাওয়া, অনিয়মিত ভরণপোষণ, আর্থিক অনটন আর বাসা ভাড়া না পাওয়ার মতো ভোগান্তি তাদের পথচলাকে আরও কঠিন করে তুলেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’-এ দেখা গেছে, বিবাহবিচ্ছেদ হওয়া, স্বামী চলে গেছেন বা বিধবা নারীদের জীবনে শারীরিক, মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের হার যথাক্রমে ৫২ শতাংশ, ৪৫ দশমিক ২ শতাংশ ও ৩০ দশমিক ৪ শতাংশ। বর্তমানে সংসার করছেন এমন নারীদের চেয়েও এই হার বেশি।

জরিপে অংশ নেওয়া এই গ্রুপের নারীদের একসঙ্গে হিসাব করা হয়েছে। বিচ্ছেদের পর নির্যাতন হয়েছে কি না, তা আলাদাভাবে দেখা হয়নি। জরিপে অংশ নেওয়া নারীদের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ ন্যাশনাল হেল্পলাইন ‘১০৯’ ও ২০ দশমিক ৪ শতাংশ জরুরি সেবা ‘৯৯৯’ সম্পর্কে জানতেন।

৪০ বছর বয়সী নাবিলা রহমানের জন্য বিবাহবিচ্ছেদ নতুন সংগ্রাম হয়ে আসে। নয় বছরের সংসারের পর ২০২২ সালে তিনি আলাদা হয়ে যান। তিনি জানান, সাত বছরের ছেলের সামনে মারধরসহ নানা নির্যাতন সহ্য করা তার পক্ষে আর সম্ভব ছিল না।

বিচ্ছেদের পর শুরুতে প্রাক্তন স্বামী তাকে ছেলের সঙ্গে দেখাই করতে দেননি। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মাধ্যমে প্রায় দেড় বছর সালিস-মীমাংসার পর বাবার সামনে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি পান তিনি।

ব্লাস্টের অফিসে বাবার উপস্থিতিতে ছেলের সঙ্গে মাত্র ১০ মিনিট কথা বলার জন্য নাবিলাকে ঢাকা থেকে ফরিদপুরে ছুটে যেতে হতো।

নাবিলা বলেন, ‘আমি নিজের সন্তানের সঙ্গে মন খুলে কথাও বলতে পারি না। অথচ আমি ছেলেকে কাছে রাখতে পারিনি বলে ওর বাবা আমার নামে উল্টাপাল্টা কথা বলে ওর কান ভারী করছে। ওই সময়টায় আমি আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম।’

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গিয়ে অন্য এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাবিলাকে। একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান অনৈতিক সম্পর্কের বিনিময়ে তাকে অফিসের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। তার বাবার এক সাবেক ব্যবসায়িক অংশীদার তাকে গোপনে চতুর্থ স্ত্রী করার প্রস্তাব দেন।

নাবিলা বলেন, ‘তিনি আমাকে মুখের ওপর বলেছিলেন, আমার ভবিষ্যৎ অন্ধকার। বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় আমি নাকি আর কোনো স্বামী পাব না।’

২০১৩ সালে বিবাহবিচ্ছেদ হয় কবিতা ইসলামের। তিনি জানান, ২০১৯ সালের জানুয়ারিতে বেসরকারি প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ সহকর্মী তাকে কবিতা পাঠের আসরে যাওয়ার কথা বলে ডেকে নেন।

কবিতার অভিযোগ, ওই সহকর্মী তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাকে বাজেভাবে স্পর্শ করেন এবং বেতন বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন।

তিনি বলেন, ‘আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি এবং প্রায় এক সপ্তাহ অফিসে যাইনি। ঘটনাটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কিন্তু সংসার চালানোর তাগিদে চাকরিটা ছাড়তে পারিনি।’

এমনকি তরুণ বয়সের পরিচিতজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহকর্মীরাও তার অসহায়ত্বের সুযোগ নিতে চেয়েছেন।

কবিতা বলেন, ‘ধীরে ধীরে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। কিন্তু আজও আমার মনে প্রশ্ন জাগে, বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের কেন এত সহজ শিকার মনে করা হয়?’

কাবিননামা না থাকায় মৌখিক বিবাহবিচ্ছেদের পর চরম বিপাকে পড়েন হেলেনা বেগম।

পোশাক কারখানায় কাজ করে তিনি স্বামী-সংসারের খরচ চালাতেন। কিন্তু বিচ্ছেদের পর তাকে খালি হাতে ফিরতে হয়। কাবিননামা না থাকায় আদালতে ভরণপোষণের মামলাও করতে পারেননি। স্থানীয়ভাবে অন্তত ১২টি সালিস-মীমাংসায় বসতে হয় তাকে। তারপরও ভরণপোষণের টাকা পাচ্ছিলেন না তিনি।

মামলা করার পর গ্রাম আদালত কবিতাকে ৬৭ হাজার টাকা দেওয়ার রায় দেন। কিন্তু বিবাহিত জীবনের ১০ বছরে স্বামীকে এর চেয়েও বেশি টাকা দিতে হয়েছে তাকে। বিবাহবিচ্ছেদের পর অর্থাভাবে চরম কষ্টে দিন পার করতে হয়েছে তাকে।

বছরের পর বছর নির্যাতন আর অবহেলা সইতে না পেরে বেকার ও মাদকাসক্ত স্বামীকে ছেড়ে আসেন রাকিবা হাসান। কিন্তু তিনি দেনমোহর ও ভরণপোষণ বাবদ কোনো টাকা পাননি। এরপর নিজের ও ছেলের খরচ চালাতে জীবনযুদ্ধে নামেন তিনি।

স্নাতকোত্তর ডিগ্রি থাকা সত্ত্বেও মাসে মাত্র ১২ হাজার টাকা বেতনে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি নেন রাকিবা। পরে কাজের সন্ধানে চীনে পাড়ি জমান।

রাকিবা বলেন, ‘স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া নারীরা এ দেশে কোনোভাবেই নিরাপদ নন। সে কারণেই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বাসা ভাড়া নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সাজিয়া হাসান। বিবাহবিচ্ছেদ হয়েছে জানার পর বেশ কয়েকজন বাড়িওয়ালা তাকে বাসা ভাড়া দেননি। একজন বাড়িওয়ালা বাসা দিলেও সিসিটিভি ক্যামেরায় তার বাসায় কারা আসছে-যাচ্ছে, তার ওপর নজর রাখতেন। পুরুষ সহকর্মীরা এলে জেরা করতেন।

একপর্যায়ে তাকে বাসা ছাড়তে বলা হয়। এখন তিনি ফার্মগেটের একটি নারী হোস্টেলে থাকেন।

এতকিছুর পরও বেশিরভাগ নারী আইনের আশ্রয় নিতে চান না।

ব্লাস্টের উপপরিচালক তাপসী রাবেয়া জানান, ২৫ বছরের কর্মজীবনে বিবাহবিচ্ছেদের পর হয়রানির মাত্র দুই বা তিনটি অভিযোগ তার কাছে এসেছে।

তবে অভিযোগ কম মানেই সমস্যাটা ছোট নয় উল্লেখ করে তিনি বলেন, লোকলজ্জা, আরও হয়রানি ও সন্তানের সঙ্গে যোগাযোগ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে নারীরা মুখ খোলেন না।

এছাড়া মামলার পেছনে ছুটতে গিয়ে স্বল্প আয়ের শ্রমজীবী নারীদের দিনের মজুরি ও হাজিরা বোনাস কাটা যায়।

নারীদের মুখ বুজে সয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তাপসী রাবেয়া বলেন, ‘একজন নারী স্বামীকে ছেড়ে এলে হাজারটা হাত তার দিকে ধেয়ে আসে।’

ব্লাস্টের আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সিফাত-ই-নূর বলেন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এ সাবেক স্বামীর দ্বারা হয়রানি বা নির্যাতন থেকে প্রতিকার পাওয়ার সুস্পষ্ট কোনো উপায় নেই। কারণ, এই আইনে ‘পারিবারিক সম্পর্কের’ সংজ্ঞায় বিচ্ছেদ হয়ে যাওয়া সম্পর্ককে রাখা হয়নি।

তিনি জানান, দুই সন্তানসহ এক নারী স্বামীর নির্যাতনের অভিযোগ নিয়ে ব্লাস্টে এসেছিলেন। এর দুই দিন পরই স্বামী তার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। ফলে ওই আইনে মামলা করা জটিল হয়ে পড়ে।

সিফাত-ই-নূর আরও বলেন, বিচ্ছেদের পরও নিয়ন্ত্রণ ধরে রাখতে অনেক প্রাক্তন স্বামী আত্মীয়স্বজনের কাছে ব্যক্তিগত ছবি বা কাগজপত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এই আইনটি নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন। তিনি বলেন, আইনের এই সীমাবদ্ধতার কারণে বিবাহবিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন থেকে নারীরা সুরক্ষা পান না।

বিষয়টিকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, সংসার ভেঙে গেলেই পারিবারিক নির্যাতন থেকে সুরক্ষা পাওয়ার অধিকার শেষ হয়ে যাওয়া উচিত নয়।

বিচ্ছেদের পরও নারীদের সুরক্ষা দিতে ‘পারিবারিক সম্পর্কের’ সংজ্ঞায় অতীতের সম্পর্ক যুক্ত করার জন্য আইনটি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অধ্যাপক তাসলিমা ইয়াসমিন জানান, খসড়া প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদন পেলেও নির্বাচনের আগে অধ্যাদেশ আকারে জারি করা হয়নি। তাই এটি এখনো প্রস্তাব হয়েই পড়ে আছে, আইনে রূপ নেয়নি।

তিনি বলেন, নির্যাতনের ধরন অনুযায়ী অন্য আইনে প্রতিকার পাওয়ার সুযোগ থাকলেও সেগুলোতে সুরক্ষা আদেশের (প্রোটেকশন অর্ডার) মতো সমমানের দেওয়ানি সুরক্ষা মেলে না।

সংশোধনীটি কেন আটকে আছে বা আবার তোলা হবে কি না, সে বিষয়ে জানতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নোট: পরিচয় গোপন রাখতে প্রতিবেদনে নারীদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

Most Popular