একুশে পদকপ্রাপ্ত গুণী নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
আজ বুধবার সকালে তার ছোটবোন দ্য ডেইলি স্টারকে এ নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘বড় ভাই কয়েকদিন আগে খুলনা গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তিন দিন ধরে হাসপাতালে আছেন।’
পারিবারিক সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় মেডিকেল বোর্ড বসবে।
আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘মামুনুর রশীদ ভাইকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
তিনি ১৯৭২ সালের ২১ ফেব্রয়ারি প্রথম নির্দেশনা দেন শহীদ মুনীর চৌধুরীর কবর নাটক। তিনি আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। ‘জয়জয়ন্তী’, ‘ইবলিশ’, ‘লেবেদেফ’, ‘ময়ূর সিংহাসন’, ‘পশ্চিমের সিঁড়ি’, ‘ওরা কদম আলী’, ‘রাঢাড়’, ‘সংক্রান্তি’সহ বহু নাটক লিখেছেন তিনি।
তার লেখা নাটক বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। ‘মানুষ’ নাটকটি জার্মানিসহ অনেক দেশে মঞ্চায়ন হয়েছে। সবশেষ ‘অমানুষ’ নাটক মঞ্চায়ন হয়েছে আমেরিকায়। এতে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।
এছাড়া টেলিভিশনের জন্য অসংখ্য নাটক লিখেছেন তিনি। ‘ইতিকথা’ তার লেখা বিটিভির সাড়া জাগানো একটি ধারাবাহিক। ‘সুন্দরী’, ‘দানব’, ‘শিল্পী’—এই তিনটি তার জনপ্রিয় ধারাবাহিক।
চলতি বছর তার লেখা ‘ওরা কদম আলী’ নাটক মঞ্চায়নের ৫০ বছর পূর্তি হবে।
