Wednesday, November 25, 2026
Homeখেলাআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ মাস পর নতুন ভূমিকায় উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ মাস পর নতুন ভূমিকায় উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পাঁচ মাস পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন। এসএ টোয়েন্টিতে ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির ২০২৭ সালের মৌসুম সামনে রেখে ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

প্রধান কোচ হিসেবে এটিই ৩৬ বছর বয়সী উইলিয়ামসনের প্রথম দায়িত্ব। তাকে নিয়োগ দেওয়ার কথা বুধবার নিশ্চিত করেছে ডারবানস।

২০২৩ সালে অনুষ্ঠিত এসএ টি-টোয়েন্টির প্রথম আসর থেকেই ডারবানসের কোচের দায়িত্বে ছিলেন ক্লুজনার। তার অধীনে চার মৌসুমের মধ্যে তিনবারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দলটিকে। ২০২৪ সালের আসরে ফাইনালে ওঠাই ছিল তাদের সেরা সাফল্য। তবে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে হেরে শিরোপা জেতা হয়নি। গত মৌসুমে ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে শেষ করে দলটি।

ডারবানসের সঙ্গে অবশ্য আগে থেকেই পরিচিত কিংবদন্তি কিউই ব্যাটার উইলিয়ামসন। গত দুই মৌসুমে তাদের হয়ে খেলেন তিনি। ১৫ ম্যাচে করেন ৩৪৩ রান। এবার পুরনো ঠিকানায় নতুন ভূমিকাতে দেখা যাবে তাকে।

সেখানে ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। ফ্র‍্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন রায়ান কুক, পেস বোলিং কোচ হিসেবে ভারত অরুণ, স্পিন বোলিং কোচ হিসেবে কার্ল ক্রো ও ফিল্ডিং কোচ হিসেবে কুশেন কিশুন।

নিউজিল্যান্ডের অন্যতম সফল ব্যাটার উইলিয়ামসনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১০ সালে। ১১০ টেস্টে ৯৫১৫ রান নিয়ে এই সংস্করণে দলটির ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ১৭৫ ওয়ানডেতে তার রান ৭২৫৬, যা কিউই ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। আর ৯৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭৫ রান করেছেন তিনি।

অধিনায়ক হিসেবেও দারুণ সফল উইলিয়ামসন ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান নিউজিল্যান্ডকে। এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে ফাইনালে উঠে রানার্সআপ হয় দলটি। সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগেই অবশ্য কোচ ও পরামর্শক হিসেবে কাজ শুরু করেন উইলিয়ামসন। গত বছর আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের স্ট্র‍্যাটেজিক উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন।

আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এসএ টি-টোয়েন্টির পঞ্চম আসরে নিজেদের অভিযান শুরু করবে ডারবানস।

Most Popular