Wednesday, November 25, 2026
Homeবাংলাদেশকর্তৃপক্ষের আদেশ না মানায় সিএমপি সার্জেন্ট বরখাস্ত

কর্তৃপক্ষের আদেশ না মানায় সিএমপি সার্জেন্ট বরখাস্ত

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের এক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুইদিন আগে বরখাস্ত করা হলেও আজ বুধবার বিষয়টি জানাজানি হয়।

সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ ব্যাচে সার্জেন্ট হিসেবে দেন। তার বাড়ি গোপালগঞ্জে।

পুলিশ সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে একটি নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এবং আরও কিছু কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান।

তবে কী ধরনের আদেশ অমান্য করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, এসব পুলিশের অভ্যন্তরীণ বিষয়। চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা উচিত নয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় বন্দরের সল্টগোলা ক্রসিং বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদ। রাতে পুলিশ বক্সে গ্লাস ভাঙচুর ও ভেতরে আগুনের আলামত পাওয়া যায়। মুজাহিদকে এই বিষয়ে মামলা করতে বলা হলেও সেই আদেশ মানেননি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মুজাহিদের বক্তব্য পাওয়া যায়নি।

Most Popular