বলিউডের জনপ্রিয় গান ‘মিতওয়া’ দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন শাফকাত আমানত আলী। সুপারস্টার শাহরুখ খানের ঠোঁটে তার গাওয়া এই গানটি আজও সংগীতপ্রেমীদের কাছে জনপ্রিয়।
আজ সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে গানের জগত থেকে অনেকটা আড়ালে ছিলেন এই শিল্পী। এবার এর কারণও জানা গেল। রক্তের ক্যানসার মাল্টিপল মায়েলোমার সঙ্গে লড়াই করছিলেন তিনি। এক বছর পুরোপুরি বিছানায় কাটাতে হয়েছে তাকে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের অসুস্থতা, চিকিৎসা ও কঠিন সময়ের অভিজ্ঞতা জানিয়েছেন শাফকাত।
করাচিতে ওই সংবাদ সম্মেলনে শাফকাত জানান, গত কয়েক বছর চলচ্চিত্রের গান ও মঞ্চে নিয়মিত দেখা না যাওয়ার পেছনে ছিল তার এই অসুস্থতা। মাল্টিপল মায়েলোমা নামের এক ধরনের রক্তের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
তবে শুরুতেই রোগটি শনাক্ত হওয়ায় দ্রুত চিকিৎসা শুরু করতে পেরেছিলেন বলে স্বস্তি প্রকাশ করেন এই শিল্পী।
চিকিৎসার অগ্রগতি সম্পর্কে শাফকাত বলেন, ‘এক বছর পুরোপুরি বিছানায় ছিলাম। এখনো আমাকে স্টেম সেল থেরাপি নিতে হবে। এই চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত মেইনটেন্যান্স থেরাপি চলছে। এটি খুব মৃদু ধরনের কেমোথেরাপি, যা আমাকে প্রতি সপ্তাহে নিতে হচ্ছে। তবে আমি সুস্থ হয়ে উঠেছি।’
শাফকাতের এই অসুস্থতার কারণে দীর্ঘ সময় মঞ্চে গান গাওয়া সম্ভব হয়নি। এক বছর মঞ্চ থেকে দূরে থাকার কারণে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। শারীরিক অসুবিধা সত্ত্বেও সম্প্রতি লাহোরে একটি কনসার্টের মাধ্যমে আবার মঞ্চে ফেরেন এই গায়ক।
শাফকাত আমানত আলী ২০০৬ সালে করণ জোহর পরিচালিত ‘কাভি আলবিদা না কেহনা’ ছবির ‘মিতওয়া’ গান দিয়ে বলিউডে পরিচিতি পান। শাহরুখ খানের ঠোঁটে গানটি দারুণ জনপ্রিয়তা পায়। একই বছর নাগেশ কুকুনুরের ‘দোর’ ছবিতে ‘ইয়ে হৌসলা’ গানেও কণ্ঠ দেন তিনি।
এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শাফকাত। ২০১০ সালে ‘আই হেট লাভ স্টোরিজ’ ছবির ‘বিন তেরে’ এবং ‘মাই নেম ইজ খান’ ছবির ‘তেরে ন্যায়না’ গান দুটি শ্রোতাদের প্রশংসা পায়। ২০১১ সালে ‘পাতিয়ালা হাউস’ সিনেমার ‘কিউঁ ম্যায় জাগুঁ’ এবং ‘রা.ওয়ান’ সিনেমার ‘দিলদারা’ গানেও কণ্ঠ দেন তিনি।
এছাড়া ‘জান্নাত ২’ সিনেমার ‘তু হি মেরা’, ‘মার্ডার ৩’ সিনেমার ‘তেরি ঝুকি নজর’ এবং ‘হাসে তো ফাসে’ সিনেমার ‘মান চালা’ তার উল্লেখযোগ্য গান।
তবে গত আট বছরে কোনো হিন্দি সিনেমাতে গান করেননি এই শিল্পী ২০২২ সালে পাকিস্তানি সিনেমা ‘চক্কর’-এর ‘দিল হারে’ ছিল তার সর্বশেষ চলচ্চিত্রের গান।
২০০৬ সালে উরি হামলার পর ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর ভারতীয় চলচ্চিত্রে গান গাওয়া থেকে সরে দাঁড়ান শাফকাতসহ পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।
শাফকাত আমানত আলী পাকিস্তানের প্রখ্যাত পাতিয়ালা ঘরানার সংগীত পরিবারের সন্তান। তিনি ধ্রুপদি সংগীতশিল্পী ওস্তাদ আমানত আলী খানের ছেলে।
