আগামী ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীদের কাছে প্রথমবারের মতো সার্বভৌম (সভরেন) ডলার বন্ড বিক্রি করতে পারে বাংলাদেশ। তবে সরকার বছরে ৭ থেকে ৮ শতাংশ সুদ দেওয়ার আশা করলেও শেষ পর্যন্ত প্রায় ৮ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হতে পারে।
গত সপ্তাহে কক্সবাজারে অনুষ্ঠিত ঋণসংক্রান্ত এক সম্মেলনে (ডেট কনফারেন্স) উপস্থাপনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শক হুয়ান প্রাদেল্লি ও প্রসাদ অনন্তকৃষ্ণান এমন পূর্বাভাস দিয়েছেন।
সরকারের তহবিল সংগ্রহের বিকল্প উপায় নিয়ে আয়োজিত ওই অধিবেশনটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি।
আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা এসঅ্যান্ডপি ও ফিচের মূল্যায়নে বাংলাদেশের ঋণমান ‘বি প্লাস’ এবং মুডিসের মূল্যায়নে ‘বি টু’। এই মান বাংলাদেশকে তুলনামূলক ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা দেশের কাতারে ফেলেছে। বর্তমানে এ ধরনের দেশগুলোকে ডলার ঋণ দিতে বিনিয়োগকারীরা বছরে প্রায় ৮ দশমিক ২ শতাংশ সুদ দাবি করেন।
বিশ্লেষকদের মতে, প্রথমবার বন্ড ছাড়া দেশগুলোকে সাধারণত আরও আধা শতাংশীয় পয়েন্ট বেশি সুদ দিতে হয়। সে হিসাবে বাংলাদেশের সম্ভাব্য সুদের হার দাঁড়াতে পারে প্রায় ৮ দশমিক ৫ শতাংশে।
গত এক বছরে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। মূলত যুক্তরাষ্ট্রে সুদের হার বেড়ে যাওয়ায় ২০২৫ সালের সেপ্টেম্বরের পর থেকে ‘সিঙ্গেল-বি’ শ্রেণিভুক্ত দেশগুলোর ঋণের সুদের হার ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
এসঅ্যান্ডপি ও ফিচ উভয় সংস্থাই বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ রেখেছে, অর্থাৎ ভবিষ্যতে দেশটির ঋণমান আরও কমতে পারে। তবে গত সেপ্টেম্বর থেকে মুডিস বাংলাদেশের পূর্বাভাস ‘স্থিতিশীল’ রেখেছে।
সরকার ৫০ কোটি থেকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বন্ড ছাড়ার কথা ভাবছে, যা দেশের মোট অর্থনীতির প্রায় শূন্য দশমিক ২ শতাংশ। উদীয়মান বাজারের প্রধান বন্ড সূচকগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই আকার যথেষ্ট। বড় বিনিয়োগ তহবিলগুলো উন্নয়নশীল দেশের বন্ডের এসব তালিকা অনুসরণ করে, ফলে সূচকে যুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে ক্রেতা পাওয়া যায়।
কক্সবাজারের ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি বলেন, এই বন্ড ছাড়ার গুরুত্ব কেবল অর্থ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, ‘এর মূল উদ্দেশ্য শুধু অর্থ সংগ্রহ নয়; বরং বৃহত্তর আন্তর্জাতিক বাজারের সঙ্গে পরিচিতি তৈরি করা।’
বর্তমানে ডলার ঋণের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মানদণ্ড মূল্য বা ‘বেঞ্চমার্ক প্রাইস’ নেই, যা দেখে বিনিয়োগকারীরা পরবর্তী চুক্তিগুলো মূল্যায়ন করতে পারেন।
তানভীর বলেন, প্রথম বন্ডটি সেই মানদণ্ড তৈরি করবে। তার ভাষ্য, ‘বেঞ্চমার্ক প্রাইস না থাকলে প্রতিটি চুক্তিই অনুমানের ওপর ভিত্তি করে শুরু হয়, আর দীর্ঘ মেয়াদে সেই অনুমানের মাশুল বেশি দিতে হয়।’
তবে এডিবির পরামর্শকদের উপস্থাপনা অনুযায়ী, সুদের হারের চেয়েও বড় সমস্যা হলো দেশের প্রস্তুতির ঘাটতি।
বন্ড ছাড়ার জন্য গত সেপ্টেম্বর ও অক্টোবরে উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও বিষয়টি এখনো সরকারের ঋণ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়নি। এমনকি কেন্দ্রীয় ব্যাংককেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। প্রথমবার বন্ড ছাড়তে সাধারণত অন্তত চার মাস প্রস্তুতির প্রয়োজন হয়। অথচ ডিসেম্বরে বন্ড ছাড়লে উপদেষ্টা নিয়োগের পর থেকে সময় পাওয়া যাবে মাত্র দুই থেকে তিন মাস।
বাজার পরিস্থিতিকে ‘উন্মুক্ত কিন্তু ব্যয়বহুল’ উল্লেখ করে এডিবির পরামর্শক প্রাদেল্লি বলেন, ঢাকার উচিত ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগেই বন্ড বিক্রি করা অথবা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা।
তবে সময় নির্ধারণের বিষয়টিকে খুব বড় করে দেখছেন না তানভীর। তিনি বলেন, ‘সঠিক বা ভুল সময় বলে কিছু নেই; আসল বিষয় হলো একটি জাতির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কীভাবে উপস্থাপন করা হচ্ছে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ২০২৬ সালের জানুয়ারির এক পর্যালোচনায় বাংলাদেশকে ‘মাঝারি ঋণঝুঁকির’ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বলা হয়, আকস্মিক অর্থনৈতিক ধাক্কা সামলানোর মতো সক্ষমতা বাংলাদেশের খুব কম। সরকার বর্তমানে যা রাজস্ব আয় করে, তার চেয়ে বেশি অর্থ ঋণ পরিশোধেই ব্যয় করছে।
সম্মেলনের উপস্থাপনায় একাধিক বন্ডের পরিবর্তে একটি একক বন্ড ছাড়ার সুপারিশ করা হয়েছে।
তানভীর বলেন, ‘আইএমএফ ও বিশ্বব্যাংকের কাঠামো আমাদের বলে দেয় ঋণটি টেকসই কি না। কিন্তু ঋণটি নেওয়া আদৌ যৌক্তিক ছিল কি না, তা বলে দেয় না।’
তিনি জানান, একটি আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স একক পরিকল্পনার অধীনে কাজ করবে এবং সরকার সম্ভবত প্রতি প্রান্তিকে অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করবে।
তিনি বলেন, ‘কোনো প্রান্তিকে যদি দেখা যায় আমাদের কোনো অগ্রগতি হয়নি, তবুও আমরা প্রতিবেদনটি প্রকাশ করব।’
এদিকে বন্ড থেকে পাওয়া অর্থ কীভাবে ব্যয় করা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন এডিবির পরামর্শকেরা।
নতুন করে সাড়ে চার বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই সরকার তহবিলের উৎস বাড়াতে এবং রেকর্ড পরিমাণ ব্যয় মেটাতে চাইছে।
পরামর্শকদের যুক্তি, এই অর্থ দৈনন্দিন ব্যয়ের বদলে বেশি সুদের পুরোনো ঋণ পরিশোধ অথবা বিনিয়োগ খাতে ব্যবহার করা উচিত। কারণ, বিশ্বব্যাংকের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মাত্র ২ শতাংশ সুদে ঋণ পাওয়া যায়।
চলতি বছর অন্যান্য দেশ বিভিন্ন হারে সুদে বন্ড বিক্রি করেছে।
বাংলাদেশের সমান ঋণমান থাকা বাহরাইন গত জানুয়ারিতে শরিয়াহভিত্তিক আট বছর মেয়াদি ইসলামিক বন্ড বিক্রি করেছে ৫ দশমিক ৮৭৫ শতাংশ সুদে। ফেব্রুয়ারিতে কেনিয়া ৭ দশমিক ৮৭৫ থেকে ৮ দশমিক ৭ শতাংশ সুদে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। মার্চে অ্যাঙ্গোলা ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে ৯ দশমিক ৩৭৫ থেকে ৯ দশমিক ৮৭৫ শতাংশ সুদে। আর চার বছর পর বাজারে ফিরে পাকিস্তান গত এপ্রিলে ৬ দশমিক ৯৭৫ শতাংশ সুদে ৭৫ কোটি ডলারের তিন বছর মেয়াদি বন্ড বিক্রি করেছে।
প্রথমবার বন্ড ছাড়া দেশগুলোকে তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এডিবির পরামর্শকেরা। সেগুলো হলো: অতিরিক্ত ঋণ নেওয়া, এককালীন পুরো অর্থ পরিশোধের শর্ত রাখা এবং তাড়াহুড়ো করা।
উদাহরণ হিসেবে বলা হয়, ২০০৬ সালে সেশেলসের প্রথম বন্ডের আকার ছিল দেশটির অর্থনীতির প্রায় এক-পঞ্চমাংশ। আর ২০১২ সালে মঙ্গোলিয়ার ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বন্ড ছিল দেশটির অর্থনীতির প্রায় ১৭ শতাংশ। এ ধরনের বন্ডের অর্থ সাধারণত ১০ বছর পর এককালীন পরিশোধ করতে হয়, যখন বাজারে সুদের হার আরও বেশি থাকতে পারে।
এ ছাড়া বন্ড ছাড়ার আনুষঙ্গিক ফি-ও খরচ বাড়িয়ে দেয়। বন্ড বিক্রির আয়োজক ব্যাংকগুলো সাধারণত সংগৃহীত অর্থের শূন্য দশমিক ১০ থেকে শূন্য দশমিক ১৫ শতাংশ ফি নেয়, যা ১ বিলিয়ন ডলারের বন্ডের ক্ষেত্রে প্রায় ১৫ লাখ ডলার পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি প্রতিটি ঋণমান যাচাইকারী সংস্থা আরও শূন্য দশমিক ০৮ থেকে শূন্য দশমিক ১২ শতাংশ ফি নিয়ে থাকে।
