বাংলাদেশের বোলারদের দিশেহারা বানিয়ে চার-ছক্কায় মেতে উঠেছিলেন মার্কাস অ্যাকারম্যান। বাঁহাতি এই ওপেনারের সামনে অনেকটা খড়কুটোর মতন উড়ে যাচ্ছিলেন সব বোলারই। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম দেড়শ পেরিয়ে থেমেছেন তিনি।
সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২২৮ রান। ১৩৭ রানের লিড হয়ে গেছে তাদের। এদিন এক সেশনেই ২৯ ওভারে ১৪০ রান যোগ করে নিয়েছে তারা।
লাঞ্চের খানিক আগে ১৩৮ বলে ১৫০ রান করে শেষ হয় অ্যাকারম্যানের ইনিংস। তিনিই মূলত পিষে ফেলতে থাকেন সফরকারী বোলিং। আগের দিন ১ রানে জীবন পাওয়া ব্যাটার ২৩ চার, চার ছক্কায় রান বাড়ান রকেট গতিতে। শেষ পর্যন্ত শরিফুল ইসলামের ফুলটসে আউট হয়ে যেন রেহাই দেন তিনি।
প্রথম দিনে ৪৬ রানে অপরাজিত অ্যাকারম্যান দ্বিতীয় দিনের প্রথম সেশনেই যোগ করে ফেলেন ১০৪ রান। এতেই বোঝা যায় তার দাপট। বাংলাদেশের চার পেসারকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে দিন শুরু করে বাড়তে থাকেন।
ঝাঁজ বেশি যায় শরিফুলের ওপর, তার বলেই গড়বড় করে বিদায় নিয়েছেন। মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনিয়মিত অফ স্পিনে এসে এক ওভারেই অ্যাকারম্যানের হাতে খান ২০ রান।
সকালে স্বাগতিকদের ভালো শুরুর পর শতরানের জুটির ঠিক আগে জুবাইর হামজাকে গালিতে ক্যাচ বানান খালেদ আহমেদ। এরপর টনি ডি জর্জিকে এক পাশে রেখে টি-টোয়েন্টি শুরু করে দেন অ্যাকারম্যান।
প্রথম টেস্টেও সেঞ্চুরি করা এই ব্যাটারের সামনে কোনো জবাব খুঁজে পাচ্ছিলেন না শান্ত। অপেক্ষায় ছিলেন ব্যাটারের ভুলের। শেষ পর্যন্ত ফুলটসে টাইমিং গড়বড় করে অ্যাকারম্যানই স্বস্তি দেন বাংলাদেশ অধিনায়ককে।
ম্যাচের পরিস্থিতিতে অবশ্য স্বস্তির কোনো জায়গাই নেই। প্রথম দিন এক সেশন খেলা হয়নি। অর্থাৎ মাত্র তিন সেশন খেলার পরই ইতিমধ্যে বড় লিড নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ওভারপ্রতি প্রায় ৫ করে রান তুলছে দক্ষিণ আফ্রিকা। বড় লিডের সঙ্গে এই রান তোলার গতি বাংলাদেশকে ম্যাচে করে রেখেছে চরম কোণঠাসা। এই লিড তারা কতটা বড় করে এখন দেখার বিষয়।
