Friday, September 25, 2026
Homeবাংলাদেশপঞ্চগড়ে নিখোঁজের একদিন পর ধানখেতে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর ধানখেতে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর ধানখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার উকেন চৌকি ভাজনী মধ্যপাড়া গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত হাসিনা বানু (৪৫) ওই গ্রামের নুর রশিদের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য বখতিয়ার রহমান দ্য ডেইলি স্টারকে জানান, হাসিনা গ্রামের হাটে একটি চায়ের দোকান চালাতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে প্রতিবেশীর বাড়ির উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

হাসিনা বানুর দেবর নূর আজিজ দুলাল ডেইলি স্টারকে বলেন, ‘ভাই-ভাবি দোকান থেকে বাসায় ফিরে রাতের খাবার খান। পরে ভাবি এলাকার একজনের বাসায় অনুষ্ঠানের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।’

শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন মাছ ধরতে যাওয়ার সময় ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার ডেইলি স্টারকে বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

Most Popular