Friday, September 25, 2026
Homeবাংলাদেশচিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে আবারও ধস

চিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে আবারও ধস

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীররক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পর নতুন করে ফাটল দেখা দেয়।

খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা ক্ষতিগ্রস্ত বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আপাতত ঝুঁকিপূর্ণ স্থানটি রক্ষায় জরুরি জিওব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে।’

স্থানীয় কৃষক আজিনুর রহমান মণ্ডল (৬৫) জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে বাঁধের একটি বড় অংশ ভেঙে নদে পড়ে যায়। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘বাঁধের যে অংশটুকু এখনো টিকে আছে, সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নতুন করে ভাঙন শুরু হলে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’

স্থানীয়দের দাবি, শুধু জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। দীর্ঘদিন ধরে নদের ভাঙন ঝুঁকিতে থাকা এই এলাকায় পরিকল্পিতভাবে তীর সংরক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে নদের স্রোতের চাপ কমানো এবং বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো শক্তিশালী করার ব্যবস্থা না হলে প্রতিবছরই নতুন করে ভাঙনের আশঙ্কা থাকবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রাকিবুল বলেন, ‘কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ হাজার ১০০ মিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দাখিল করা হয়েছে। দীর্ঘমেয়াদি তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হলে নদীর ভাঙন থেকে বাঁধ ও আশপাশের জনবসতি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

Most Popular