মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার জাগীর এলাকায় এই সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন দ্য ডেইলি স্টারকে জানান, আটকদের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘনের দায়ে সাজা দেওয়া হয়েছে। একজনকে এক বছর এবং বাকি ৮ জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া এলাকার মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার রুবেল, জামালপুরের তুলসীপুরের সোহেল রানা, গাজীপুরের ইব্রাহিম খলিল, টাঙ্গাইলের হুমায়ুন কবির, ঢাকার বাড্ডার ইমন হাসান, তুহিন ও মাসুদ এবং রাজধানীর বড় বেরাত এলাকার মারুফ।
রিক্তা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো কারখানার গোডাউনে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় নয়জনকে আটক করে পুলিশ।
পরে আজ দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
রিক্তা খাতুন আরও জানান, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই নয়জনকে ভাড়া করে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার জন্য চুক্তি করেছিলেন।
প্রক্রিয়াজাত মাংস ঢাকা ও আশপাশের বিভিন্ন হোটেলে পাঠানোর কথা ছিল বলেও জানান তিনি।
