গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে ধীরাশ্রম বাজারের সামনে জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি ট্রাক ধীরাশ্রমগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত ৩ জন নিহত হন। নিহত ৩ জন পুরুষ এবং তারা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হন। গুরুতর আহত একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে।’
পুলিশ ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে বলেও জানান তিনি।
