Wednesday, September 23, 2026
Homeখেলাএশিয়ান গেমসে বড় স্বপ্নের খোঁজে লিটনরা

এশিয়ান গেমসে বড় স্বপ্নের খোঁজে লিটনরা

২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর সোনা জিতেছিল বাংলাদেশ। তবে সেবার ভারত বা পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশগুলো মূল দল পাঠায়নি। এবার চিত্রটা ভিন্ন—শ্রীলঙ্কা ছাড়া ভারত, পাকিস্তানসহ সবাই মূল দল নিয়েই মাঠে নামছে। তবে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুতি ও ফাইনাল খেলাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

এশিয়ান গেমসে রওনা হওয়ার আগে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘অবশ্যই এখানে লক্ষ্য তো একটা থাকবে যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে ভালো কিছু করতে পারি।’

জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার বাইরে এশিয়ান গেমসের মতো আসরে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে বাংলাদেশ দল খেলেছে অনেকবারই, প্রথমবার আমরা (জাতীয় দলের নিয়মিত) খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলে হয়তো সার্ভ করছি, সাথে সাথে এরকম জায়গায় একটা খেলা এটাও একটা বড় জিনিস। সবসময় জিতলে আপনি ট্রফি জিতবেন, কিন্তু এখানে এটা গোল্ডের বিষয়, এটা একটা বড় স্বপ্ন এবং আমার মনে হয় সব খেলোয়াড়ই রোমাঞ্চিত অনেক এই এশিয়ান গেমসে।’

এবার এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দলের কাছে অনেক চাওয়া বাংলাদেশের। নারী ক্রিকেট দল খালি হাতে ফেরায় সোনার পদকের একমাত্র সম্ভাবনা লিটনদের হাতে। দীর্ঘদিন পর ক্রিকেটে সোনা পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়ে লিটনের বক্তব্য, ‘দেখেন প্রত্যাশা তো সবাই করবে। খেলোয়াড় হিসেবে আমিও তো প্রত্যাশা নিয়েই যাব যে ওখানে ভালো কিছু করব। আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের খেলোয়াড়ড়া অনেক আগ্রহের সঙ্গে আছে এই টুর্নামেন্টে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে প্রতিবার আসেন, আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা ন্যাশনাল টিমের যেকোনো জিনিস একবছর পরপরই পেয়ে যাবেন, বাট এই খেলাটা খুব রেয়ার হয়। এবং প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা সেটাই পূরণ করার চেষ্টা সবাই ওটাই করব।’

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট। সেখানে অবশ্য খুব কম দলই সুযোগ পাবে। লিটনের স্বপ্নের সীমানা এখন অলিম্পিক, ‘দেখেন অলিম্পিক কে না খেলতে চাবে! প্রথমত আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি আমার মনে হয় আল্টিমেট জায়গা ওখানে আমরা পৌঁছে যাব। কাজেই ফোকাস হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং যে জিনিসটা বললাম যে আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। ফাইনাল খেললে আপনার একটা অপারচুনিটি থাকবে গোল্ড জেতার, তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে। ক্রিকেটে যে জিনিসটা বলি অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ, আমরা ম্যাচ বাই ম্যাচেই যাব এবং বিগার টার্গেট হচ্ছে ওটাই।’

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ঘাটতি থাকলেও ক্যাম্প ও প্র্যাকটিস ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। অনেকদিন পর আপনারা জানেন যে আমরা লাস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলেছি অলমোস্ট জিম্বাবুয়েতে। তো ওখান থেকে এক সঙ্গে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। আমার কাছে মনে হয় প্রস্তুতি হিসেবে খুবই ভালো।’

 

Most Popular