Wednesday, September 23, 2026
Homeবিনোদনআবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’

আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’

প্রায় এক দশক ধরে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে একক অ্যালবাম প্রকাশের প্রবণতা নেই বললেই চলে। হারিয়ে যাওয়া সেই একক অ্যালবামের দিন ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

প্রতিষ্ঠানটির বিশেষ আয়োজনে প্রকাশিত হচ্ছে কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। আগামী ২৮ সেপ্টেম্বর অ্যালবামটি প্রকাশিত হবে।

নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন ধরনের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কাজী শুভ।

গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান।

সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

অ্যালবাম প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি আমার জন্য আনন্দের। অডিও অ্যালবামের এই সময়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি যে ঝুঁকি নিয়েছে, তার জন্য ধন্যবাদ। এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। নয়টি গানই ভিন্নভাবে করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তারা কাজ করছেন। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বাংলা গানের স্বকীয়তা ও ঐতিহ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজী শুভর প্রথম একক অ্যালবাম ‘সাদামাটা’ প্রকাশিত হয় ২০০৯ সালে। এরপর ‘সাদামাটা-২’, ‘সাদামাটা-৩’, ‘মায়ার আগুন’ ও ‘দাগা’ নামে আরও চারটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ‘কেউ বুঝলো না’ তার ষষ্ঠ একক অ্যালবাম।

কাজী শুভর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সোনা বউ শুনছো নি’, ‘মনপাঁজর’, ‘ভুলিয়া না যাইও’, ‘সাত জনম’, ‘তুমি বিনে আকুল পরান’ ও ‘দুঃখবলি’।

Most Popular