Wednesday, September 23, 2026
Homeখেলাযোগ দিয়েছেন ফারহান-শমিত-সোহেল, যানজটে আটকে বাতিল অনুশীলন

যোগ দিয়েছেন ফারহান-শমিত-সোহেল, যানজটে আটকে বাতিল অনুশীলন

এক এক করে বাকি তিন ফুটবলারও জাকার্তায় পৌঁছেছেন। ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম ও সোহেল রানা জুনিয়রের যোগ দেওয়ায় ফিফা আসিয়ান কাপের আগে পূর্ণ হলো বাংলাদেশ ফুটবল দল। তবে দল পূর্ণ হওয়ার স্বস্তি মিললেও প্রস্তুতির শুরুটা ভালো হয়নি। জাকার্তার তীব্র যানজটে আটকে সোমবারের নির্ধারিত অনুশীলনই বাতিল করতে হয়েছে বাংলাদেশকে।

ইংল্যান্ডের বোর্হামউডের উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ সোমবার গভীর রাতে দলের সঙ্গে যোগ দেন। এর আগে দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীও জাকার্তায় পৌঁছে গেছেন।

কানাডা থেকে আসা শমিত সোমের অবশ্য জাকার্তায় পৌঁছাতে কিছুটা বেশি সময় লেগেছে। জাপানে টাইফুনের কারণে তার সংযোগকারী ফ্লাইটে দেরি হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন এই মিডফিল্ডার।

একই সময়ে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভিসা জটিলতার কারণে সতীর্থদের সঙ্গে একই সময়ে ভ্রমণ করতে পারেননি তিনি। মঙ্গলবার সকালে জাকার্তায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেন সোহেল।

তিন খেলোয়াড় যোগ দেওয়ায় এখন পূর্ণ শক্তির দল নিয়েই ফিফা আসিয়ান কাপের প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ। তবে জাকার্তায় পৌঁছেই স্বস্তি মেলেনি জামাল ভূঁইয়াদের। সোমবারের নির্ধারিত অনুশীলনে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে পড়ে দল। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুশীলনটি বাতিল করতে হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে দলীয় সূত্র।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ।

 

Most Popular