সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ভোর রাত ৩টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই সময় মালিক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়িতেই ছিলেন। পেট্রোলবোমা নিক্ষেপের পর আগুন ধরে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, একদল হামলাকারী বাড়ির বাইরে থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
এসএমপির এই কর্মকর্তা জানান, এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
হামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালিক বলেন, বাইরে থেকে এসে শুধু ঘুমাতে গিয়েছি, হঠাৎ শুনি বিকট শব্দ। তখন আমার বাসার নিরাপত্তাকর্মীরা দৌড়ে বের হন। তারা দেখেন, পেট্রোলবোমা নিক্ষেপ করে কয়েকজন পিকআপ ভ্যানে দ্রুত পালিয়ে যাচ্ছে। আগুন ধরে গিয়েছিল। দুই নিরাপত্তাকর্মীকে নিয়ে আগুন নিভিয়ে ফেলি।
