যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও নিজের রক্ষণশীল বাণিজ্য নীতি থেকে পিছু হটেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো, চীনসহ বড় বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা নতুন করে উসকে দিয়েছেন তিনি।
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে বাংলাদেশসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এসব বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে ‘চাহিদার বাস্তবতা ও বাজারনীতির সঙ্গে সংগতিহীন উৎপাদন ও সক্ষমতা বাড়ানোর’ অভিযোগে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন শুল্ক জানুয়ারি থেকে কার্যকর হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যেসব দেশের ওপর নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে সেগুলো হলো—বাংলাদেশ, চীন, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এ ছাড়া, মেক্সিকো ও নরওয়ের বিরুদ্ধে এখনো তদন্ত করা হচ্ছে বলে এবারের প্রস্তাবে দেশ দুটির নাম নেই।
আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে চীনের ওপর।
বাকি দেশগুলোর ওপর কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, তা জানানো হয়নি।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক ঢেলে সাজানোর অংশ হিসেবে এটাই ট্রাম্পের নেওয়া সর্বশেষ উদ্যোগ।
ট্রাম্পের এমন শুল্কনীতি ওয়াশিংটনের বন্ধু ও শক্র উভয়কেই প্রভাবিত করেছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা নতুন করে সাজানোর উদ্যোগ নেন ট্রাম্প। সংশ্লিষ্টদের মতে, তিনি অংশীদারদের মার্কিন পণ্য কিনতে অথবা সেখানে পণ্য উৎপাদন করতে বাধ্য করতে চাইছেন।
ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘ব্যাটারি থেকে সিমেন্ট, রাসায়নিক পণ্য থেকে প্রক্রিয়াজাত খাবারসহ বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।’
উৎপাদন সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন নিয়ে গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তদন্ত শুরু করে। সেই তদন্তের পরই ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের প্রস্তাব এসেছে।
অন্য দেশগুলো ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক’ উদ্যোগ নিচ্ছে কি না এবং সেসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখাই এই তদন্তের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছে দেশটি।
এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের উল্লেখ করা আইন ব্যবহার করে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই—এমন রায় দিয়ে ট্রাম্পের আগের দফার শুল্ক বাতিল করে মার্কিন সুপ্রিম কোর্ট। এর কয়েক সপ্তাহ পর থেকেই এসব তদন্ত শুরু হয়।
