Wednesday, November 25, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক এসপির ২ মোবাইল ফোন জব্দ

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক এসপির ২ মোবাইল ফোন জব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং দাপ্তরিক তথ্য ফাঁসের অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সাবেক পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে জব্দ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

আজ বুধবার বিকেলে মামলার বাদী আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম মোবাইল ফোন দুটি তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল মাহমুদের কাছে হস্তান্তর করেন।

জাহাংগীরকে গ্রেপ্তারের আগে চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী একটি জব্দতালিকার মাধ্যমে জাহাংগীরের ব্যক্তিগত ও দাপ্তরিক ফোন জব্দ করেন। পরে দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয়ে পাঠানো হয়।

আলামত হিসেবে ফোন জব্দের বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক রাসেল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, মামলা দায়েরের পর ফোনগুলো আলামত হিসেবে হস্তান্তরের অনুরোধ জানিয়ে আমরা মামলার বাদীর কাছে একটি চিঠি পাঠাই। আজ সেগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আদালতের আদেশ অনুযায়ী মামলার বিবরণ উল্লেখ করে জব্দতালিকার মাধ্যমে ফোনগুলো আনুষ্ঠানিকভাবে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

এর আগে গত ১০ নভেম্বর পুলিশের স্পর্শকাতর ও প্রশাসনিক তথ্য ফাঁস এবং আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের তৎকালীন ডেপুটি কমান্ড্যান্ট (এসপি) জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন সাবেক রেঞ্জ ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী।

জিজ্ঞাসাবাদের পর জাহাংগীরের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন দুটি জব্দ করে ঢাকায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রাথমিক প্রমাণ পাওয়ার পর গত ১৪ নভেম্বর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। পরে নাসিরাবাদের অফিসার্স মেস থেকে গ্রেপ্তার হন তিনি।

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ড শেষে গত শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।

জাহাংগীর আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা।

Most Popular