পদত্যাগ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এআই জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহীর পদে ফিরিয়ে এনেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
ফেরার পর এক বৈঠকে সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং। আজ বুধবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এক ঘণ্টার ওই বৈঠকে প্রতিষ্ঠানের সব কর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র।
তিন দশক আগে প্রতিষ্ঠা করা কোম্পানিটির শীর্ষ পদে পুনর্বহালের এক দিন পর কর্মীদের সঙ্গে কথা বলেন হুয়াং।
চীনা নারী অ্যালিস হুয়াং ও এনভিডিয়ার আরও দুই কর্মীর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসার পর গত ১২ নভেম্বর পদত্যাগ করেন জেনসেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিলেন। তবে এ বিষয়টি অস্বীকার করেছে চীন।
সূত্রের বরাতে সিএনএন জানায়, প্রতিষ্ঠানের আচরণবিধি লঙ্ঘনের কারণেই পদত্যাগ করেছিলেন জেনসেন। সহকর্মীদের এমনটাই জানিয়েছেন তিনি।
জেনসেন বলেন, আগের পদে ফিরে আসার অর্থ এমন নয় যে তিনি আচরণবিধির ঊর্ধ্বে উঠে গেছেন।
তিনি জানান, প্রতিষ্ঠানের আচরণবিধি ভঙ্গ করলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে চাকরিচ্যুত করা হয় না। প্রতিটি ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তার নিজের ক্ষেত্রেও পরিচালনা পর্ষদ একইভাবে সিদ্ধান্ত নিয়েছে।
জেনসেন বলেন, ‘আমি কিছু মারাত্মক ভুল করেছি।’
তিনি স্ত্রী ও সন্তানদের কাছেও ক্ষমা চেয়েছেন বলে জানান। দ্বিতীয়বার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। জেনসেনের দুই সন্তান ম্যাডিসন ও স্পেনসার হুয়াং এবং তার জামাতা নিকো ক্যাপরেজও এনভিডিয়ার নির্বাহী পদে রয়েছেন।
হুয়াং কর্মীদের জানান, তিনি প্রতিদিন এক ঘণ্টার বেশি সময় থেরাপি নিচ্ছেন।
তিনি বলেন, কোম্পানির সব কর্মীর সঙ্গে এই বৈঠক তার জন্য সবচেয়ে কঠিন বৈঠকগুলোর একটি ছিল।
তিনি আরও বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন বৈঠকটি ছিল স্ত্রীর সঙ্গে।’
সূত্রটি জানায়, বৈঠকে কোনো প্রশ্নোত্তর পর্ব রাখা হয়নি।
তবে একপর্যায়ে বক্তব্য থামিয়ে কক্ষে উপস্থিত কর্মীদের উদ্দেশে জেনসেন বলেন, ‘আপনাদের মতামত আমার প্রয়োজন। আমি যা বলছি, তা কি আপনারা বুঝতে পারছেন?’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নজিরবিহীন চাপের মুখে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
সোমবার সিএনবিসিকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে জেনসেনের ফিরে আসার কৃতিত্ব নেন ট্রাম্প। তিনি বলেন, জেনসেন হুয়াংয়ের পক্ষে তিনি সরাসরি পরিচালনা পর্ষদের কাছে আবেদন জানিয়েছিলেন।
তবে মঙ্গলবারের বৈঠকে তার চাকরি পুনর্বহালে ট্রাম্পের একক কৃতিত্ব অস্বীকার করেন জেনসেন।
তার ভাষ্য, পরিচালনা পর্ষদ নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছে।
