Wednesday, November 25, 2026
Homeখেলাসেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ

সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ

প্রথম ইনিংসে একশোর আগে গুটিয়েই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশাল রানের বোঝা চাপিয়ে দেওয়ার পর আর উঠে দাঁড়াতে পারল না নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমপর্নে ইনিংস ব্যবধানে হারল সফরকারীরা। 

বুধবার সেঞ্চুরিয়ন টেস্টে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪০৩ রানে পিছিয়ে থেকে ১৮৪ রানে শেষ হয়ে গেছে সফরকারী দল। তাতে দুই ম্যাচ সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশড হলেন শান্তরা। 

বাংলাদেশকে ধসিয়ে ৩১ রানে ৭ উইকেট নেন মুল্ডার। মার্কো ইয়ানসেন ৪৮ রানে পান ২ উইকেট। কাগিসো রাবাদা পান অপরটি। সেঞ্চুরির পাশাপাশি ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরাও মুল্ডার। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাটে।

লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১০৯ রান। লাঞ্চ থেকে ফিরে জুটিটা আরও কিছু এগিয়ে নেন তারা। তবে জুটিতে ৫০ আসার পরই হৃদয়ের বিদায়। রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে গালিতে ক্যাচ দেন তিনি। 

Kagiso Rabada was cool, calm and collected after dismissing Towhid Hridoy, South Africa vs Bangladesh, 2nd Test, 3rd Day, Centurion, November 25, 2026লিটন দাস প্রথম টেস্টের ছন্দ টেনে আনতে পারেননি। মুল্ডারের ভেতরে ঢোকা বলে প্লেইড অনে নেন বিদায়। জাকের আলি মুখোমুখি প্রথম বলেই হন বোল্ড। এরপর টেল এন্ডাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। অধিনায়ক শান্ত সঙ্গী হারিয়ে অস্থির হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে দেন কিপারের হাতে ক্যাচ। 

দিনের শুরুতে আর ব্যাট না করে ৪৯৪ রানে ইনিংস ছেড়ে দেয় প্রোটিয়ারা। ইনিংস হার এড়ানোর মিশনে শুরুটা হয় ভালো। দক্ষিণ আফ্রিকার মাঠে নিজেদের সেরা উদ্বোধনী জুটির পর তানজিদ হাসান তামিমের বিদায় আলগা শটে। অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় কিপারের হাতে ধরা দেন ২৯ রান করে। 

তিনে নামা মুমিনুল হক সিরিজে দ্বিতীয়বারের মতো আউট হন শূন্য রানে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার গোটা সিরিজে করলেন কেবল ১৯ রান, নিজের জায়গা করলেন প্রশ্নবিদ্ধ। তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ২২ রানে জীবন পেয়ে নিবেদন দেখাচ্ছিলেন। তবে ৩৮ রান করে তিনি থামেন মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউতে। 

৭৮ রানে ৩ উইকেট হারানোর পর ৫০ রানের একটা জুটি, এরপরই চরম ব্যাটিং ধস। ৫৬ রানে বাকি শেষ ৭ উইকেট হারিয়ে মুড়ে যায় বাংলাদেশ।

জোহানেসবার্গে ৯ উইকেটে হারের পর এবার ইনিংস হার। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফর আপাতত ভুলে যাওয়ার মতো। এই নিয়ে সব সংস্করণ মিলিয়ে টানা দশ ম্যাচ জয়শূন্য থাকল লাল সবুজের প্রতিনিধিরা।

Most Popular