Tuesday, November 24, 2026
Homeবিনোদন‘শুয়া চান পাখি’র আড়ালে অন্য এক বারী সিদ্দিকী

‘শুয়া চান পাখি’র আড়ালে অন্য এক বারী সিদ্দিকী

‘শুয়া চান পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি’—গানটির সুর শুনলে আজও অনেকের মনে পড়ে একটি দরাজ কণ্ঠ। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার এই গান দিয়েই সারা দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন বারী সিদ্দিকী। 

তার কণ্ঠে ‘আমার গায়ে যত দুঃখ সয়’ কিংবা ‘পুবালি বাতাসে’ গানগুলোও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

গায়ক হিসেবে পাওয়া এই জনপ্রিয়তার আড়ালেও ভিন্ন রূপ ছিল বারী সিদ্দিকীর। তিনি ছিলেন অসাধারণ বাঁশিবাদক, ধ্রুপদী সংগীতের সাধক এবং লোকগানের নিবেদিত শিল্পী।

গানের পাশাপাশি বাঁশির সুরেও ছিল তার সমান দখল। লোকগানের মাটির সঙ্গে ধ্রুপদী সংগীতের মেলবন্ধন ঘটিয়েছিলেন নিজের মতো করে।

আজ ২৪ নভেম্বর, বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে ৬৩ বছর বয়সে মারা যান তিনি।

নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কারলি গ্রামে ছিল বারী সিদ্দিকীর বাউলবাড়ি। ছেলে সাব্বির সিদ্দিকী জানিয়েছিলেন, বাবা বেঁচে থাকতেই বলে রেখেছিলেন, তাকে যেন ওই বাড়িতেই দাফন করা হয়। 

এই স্থান বাছাইয়ের পেছনে একটা পথ আছে। সেই পথের হিসাব মেলাতে গেলে ফিরে যেতে হয় নেত্রকোনায়, বহু বছর আগের এক ছোট ছেলের কাছে।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় এক সংগীত পরিবারে জন্ম নেন আবদুল বারী সিদ্দিকী। পাঁচ বছর বয়সে সাপ্তাহিক হাট থেকে ফেরার পথে বড় ভাই তার হাতে একটা বাঁশি তুলে দিয়েছিলেন। বাঁশির সঙ্গে সম্পর্কের শুরু সেখান থেকেই।

বারী সিদ্দিকীর কাছে বাঁশি শেখার সুযোগ পেয়েছিলেন সুপরিচিত বাঁশিবাদক জালাল আহমেদ। তার স্মৃতিচারণ করে জালাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বারী ভাইকে “ওস্তাদ” বলে ডাকতাম। তার কাছে শুনেছি, তখন তাকে শেখানোর মতো কেউ ছিল না। নেত্রকোনায় বাঁশি শেখার সুযোগও ছিল না। তাই ভাইদের বাজানো দেখে দেখে নকল করতেন তিনি। তার গানের হাতেখড়ি হয় সাত-আট বছর বয়সে, মা জহুর-উন-নিসার কাছে।’

জালাল আরও বলেন, ১২ বছর বয়সে প্রথম আনুষ্ঠানিক তালিমের সুযোগ পান বারী সিদ্দিকী। নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্ত তাকে হাতে নেন। পরে ধ্রুপদী সংগীতের পাঠ নেন এবং বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতের প্রশিক্ষণ নেন।

বারী সিদ্দিকীর সঙ্গে অনেক গানে কাজ করেছেন সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মানুষ যদিও হুমায়ূন আহমেদ স্যারের “শ্রাবণ মেঘের দিন” সিনেমার “শুয়া চান পাখি” দিয়ে বারী ভাইকে বেশি চিনেছে, তবে আমি তাকে আরও আগে থেকেই বাঁশিবাদক হিসেবে চিনতাম।’

মিন্টু জানান, ১৯৮১ সালে এক অনুষ্ঠানে বারী সিদ্দিকীকে দেখে ওস্তাদ আমিনুর রহমান তাকে শেখানোর প্রস্তাব দেন। আমিনুর রহমান ছিলেন পণ্ডিত পান্নালাল ঘোষের সরাসরি শিষ্য। 

তিনি আরও বলেন, ‘আমিনুর রহমানের বাড়িতে ডাগর ব্রাদার্স থেকে ভিজি কার্নাডসহ বহু গুণী মানুষ আসতেন। আলাপের কারিগরি দিকগুলো বারী ভাইকে শিখিয়েছিলেন আমিনুর রহমানের ছেলে ব্যারিস্টার তাওফিক নেওয়াজ। এভাবে চলেছিল ছয় বছরের শিক্ষা।’

মিন্টু জানান, ‘নব্বইয়ের দশকে বারী ভাই পাড়ি দেন পুনেতে, পণ্ডিত ভিজি কার্নাডের কাছে বাঁশির তালিম নিতে। লোকগীতির সঙ্গে ধ্রুপদী সংগীতের মিশেলে গাইতে শুরু করেন তিনি। তার দরাজ গলায় সেই মিশেল এমন সহজ শোনাত যে দুই ধারার সংযোগস্থল আলাদা করে বোঝা যেত না।’

নেত্রকোনা সরকারি কলেজে ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন বারী সিদ্দিকী। ১৯৮৫ সালের দিকে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে, সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে। 

বিটিভির পর্দা তখন গোটা দেশের পর্দা। অথচ সেই পর্দায় তাকে গায়ক হিসেবে প্রথম দেখা যায় ১৯৯৫ সালে। মাঝের প্রায় ১০ বছর তিনি ছিলেন স্টুডিওর মানুষ। সুর বাঁধেন, বাঁশি বাজান, সামনে আসেন না।

মকসুদ জামিল মিন্টু বলেন, ‘বারী ভাই চাইতেন, মানুষ তাকে বাঁশিবাদক হিসেবেই চিনুক। তবে শুধু বাঁশি বাজিয়ে আর্থিকভাবে স্বচ্ছল থাকা কঠিন ছিল। তাই সংগীত পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তার সুরে অনেক বিখ্যাত শিল্পী গান গেয়েছেন।’

নব্বইয়ের দশকে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় হয় বারী সিদ্দিকীর। এক জন্মদিনের অনুষ্ঠানে বাঁশি বাজাতে গিয়ে গানও গেয়েছিলেন তিনি। তার গান শুনে মুগ্ধ হন হুমায়ূন আহমেদ। পরে ১৯৯৫ সালে বিটিভির একটি অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এরপর আসে সিনেমায় গান গাওয়ার প্রস্তাব।

রাজি হওয়ার কারণটা তিনি নিজেই বলে গেছেন। গানের পাশে বাঁশির কাজকে তিনি দেখতেন গলার হারের মতো, যা রূপ বাড়ায়, কিন্তু মূল সৌন্দর্যটা থাকে গানের। সহবাদক হিসেবে নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগছে না, এই অনুভূতিই শেষ পর্যন্ত তাকে সিনেমায় গাইতে রাজি করায়। 

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সারা দেশের শ্রোতাদের কাছে পরিচিতি পান তিনি। ছবির ‘শুয়া চান পাখি’ গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। ছবির সংগীতের জন্য বাচসাস পুরস্কারও পান তিনি। বারী সিদ্দিকী একবার বলেছিলেন, হুমায়ূন আহমেদের কাছ থেকে সাহস পেয়েই তিনি সামনে এগোতে পেরেছেন। 

সেই ১৯৯৯ সালেই জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে অংশ নেন বারী সিদ্দিকী। ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।

ফ্রান্স, সুইজারল্যান্ড, ইরান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তার বাঁশির সুর ছড়িয়ে পড়ে। নেত্রকোনার যে ছেলে হাটের বাঁশিতে সুর খুঁজেছিল, সে ঘুরে এল দুনিয়ার নানা প্রান্ত। দেশে তখন মানুষের মুখে মুখে ‘শুয়া চান পাখি’।

মিন্টু বলেন, চলচ্চিত্রের গানে জনপ্রিয়তা পাওয়ার পর প্রকাশিত হয় বারী সিদ্দিকীর একক অ্যালবাম ‘দুঃখ রইলো মনে’ ও ‘অপরাধী হইলেও আমি তোর’। শ্রোতারা অ্যালবাম দুটি পছন্দ করেন। 

এ সময় তার কণ্ঠে উঠে আসে নেত্রকোনার মরমি সাধক উকিল মুন্সীর গান। উকিল মুন্সী মসজিদে ইমামতি করতেন, আবার কৃষ্ণভজনও লিখতেন। ‘আমার গায়ে যত দুঃখ সয়’ তারই লেখা গান। এক জেলার দুই মানুষ, একজন কথা লিখে গেছেন, আরেকজন সুর ও কণ্ঠ দিয়ে তা পৌঁছে দিয়েছেন শ্রোতার কাছে। 

বারী সিদ্দিকীর অ্যালবামের তালিকায় চোখ রাখলে আরেকটি বিষয় নজরে পড়ে। ‘মাটির দেহ’, ‘মাটির মালিকানা’। তার গানে আছে ‘সাড়ে তিন হাত কবর’, আছে ‘আমি একটা জিন্দা লাশ’।

শরীর মাটির তৈরি, মাটিতেই ফেরে—লোকগানের দেহতত্ত্বে এ ভাবনা বহু পুরোনো। বারী সেই পুরোনো কথাই গেয়েছেন দরদমাখা গলায়। তাই কবরের গানও তার কণ্ঠে ভয় ধরায় না, ঘরে ফেরার একটা টান জাগায়।

জালাল আহমেদ বলেন, ‘একবার এক পত্রিকা অফিসে ওস্তাদ সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন। সেখানে তাকে অনুরোধ করা হয়, পরেরবার এলে যেন বাঁশিটা সঙ্গে আনেন। ব্যস্ততার মধ্যেও কথা রেখেছিলেন বারী ভাই। সংবাদপত্র অফিসের একটা ঘরে বসে বাজিয়েছিলেন রাগ বৃন্দাবনী সারং। তার বাঁশির সুর শুনে আশপাশের ঘর থেকে লোকজন এসে জড়ো হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘এত নামের পরও নিজেকে সবচেয়ে স্বচ্ছন্দে বংশীবাদক বলেই পরিচয় দিতেন বারী ভাই। বাঁশি নিয়ে তার আক্ষেপও ছিল। নতুন প্রজন্মে বাঁশি শিখতে আসা মানুষের সংখ্যা কম, জাতীয় পুরস্কারের কোনো শ্রেণিতে বাঁশির ঠাঁই নেই—এসব কথা বলতেন তিনি।’

ঢাকার স্টুডিও, টেলিভিশনের চাকরি, দেশজোড়া নাম, জেনেভার সম্মেলন, এত কিছুর পরও নেত্রকোনার দিকেই ঘুরে তাকিয়েছিলেন তিনি। জেলা সদরের কারলিতে গড়ে তুলেছিলেন বাউলবাড়ি।

বারী সিদ্দিকীর জীবনের শেষ দিকটা কেটেছে অসুখে। শেষ দুই বছর কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগের বছর থেকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হতো। দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছিল, সঙ্গে ছিল ডায়াবেটিস।

বাঁশি বাজাতে যে মানুষকে ফুসফুসের পুরো জোর খরচ করতে হতো, তার জীবনের শেষ বছরে শরীরের ছন্দ ঠিক করে দিচ্ছিল একটা যন্ত্র।

২০১৭ সালের সেই ২৪ নভেম্বর ঢাকায় জানাজা শেষে মরদেহ ফিরল নেত্রকোনায়, যেখানে সাত-আট বছরের এক ছেলে মায়ের কাছে প্রথম সুর শিখেছিল। সাড়ে তিন হাত মাটির কথা বারী সিদ্দিকী তার গানে অনেকবার গেয়েছেন। এবার সেই মাটিই হলো তার শেষ আশ্রয়।

তার মৃত্যুর নবম বার্ষিকীতে ‘শুয়া চান পাখি’ কোথাও না কোথাও বাজছে। তবে কারলির সেই বাউলবাড়িতে আজও কেউ বাঁশি বাজায় কি না, তা আমাদের জানা নেই।

 

Most Popular