বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু হতেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামায় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় টাইগাররা। প্রোটিয়া পেসারদের এমন দাপুটে বোলিংয়ের পেছনের কৌশল জানালেন চোট কাটিয়ে দলে ফেরা আনরিখ নরকিয়া।
গতকাল সোমবার টস জেতার পর কন্ডিশনের সুবিধা আদায় করে নিতে অনুমিতভাবেই বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তাদের তিন পেসারের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। কাগিসো রাবাদা ২৩ রানে এবং মার্কো ইয়ানসেন ১৭ রানে নেন তিনটি করে উইকেট। তারা তোপ দাগার আগে ছয় ওভারে মাত্র ১০ রান দিয়ে দুটি উইকেট শিকার করে প্রাথমিক ধাক্কা দেন নরকিয়া।
জবাব দিতে নেমে দিন শেষ হওয়ার আগে ১ উইকেটে ৮৮ রান তুলে নেয় স্বাগতিকরা। মার্কাস অ্যাকারম্যান ৪৬ ও জুবাইর হামজা ৯ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে মাত্র ৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
দিনের খেলা শেষে নিজেদের পরিকল্পনা নিয়ে নরকিয়া জানান, উইকেটের আচরণ বুঝে বোলিংয়ের ধরন ঠিক করা এবং ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উইকেট আপাতত কিছুটা মন্থর ছিল। আশা করি, সময়ের সঙ্গে এটি আরও গতিময় হবে। আমাদের চেষ্টা ছিল ব্যাটারদের খেলতে বাধ্য করা এবং সম্ভব হলে তাদের একটু সামনের দিকে নিয়ে আসা।’
সহায়ক কন্ডিশনেও বোলিংয়ের ছন্দ খুঁজে পাওয়া যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেন এই গতিময় পেসার, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সব সময় সহজ নয়। তবে আমার দিক থেকে বিষয়টি ছিল খুবই সাধারণ— প্রথমে বোলিংয়ের ছন্দ খুঁজে বের করা এবং তারপর সেখান থেকে এগিয়ে যাওয়া।’
পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার গুরুত্বও তুলে ধরেন নরকিয়া, ‘যত দ্রুত সম্ভব আপনাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। খেলা যত এগোবে, উইকেটের গতি বাড়তে পারে কিংবা কন্ডিশনে অন্য কোনো পরিবর্তন আসতে পারে। তখন সেই অনুযায়ী যতটা সম্ভব নিজেদের মানিয়ে নিতে হবে। কন্ডিশনের দিক থেকে আমাদের মূল লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব বল সঠিক জায়গায় ফেলা।’
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে আগের টেস্টে জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।
