Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশশেখ হাসিনার মুখপাত্রের উড়োজাহাজ চাওয়ার দাবি হাস্যকর: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার মুখপাত্রের উড়োজাহাজ চাওয়ার দাবি হাস্যকর: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে উড়োজাহাজ চাওয়াকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে আইসিটিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ফেরারি ও পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্র্যাফট চাচ্ছেন এটা হাস্যকর ঘটনা। তার জনৈক মুখপাত্রের এই দাবি এটা একটা উন্মাদনা ছাড়া আর কিছু আমি মনে করি না।’

‘কারণ একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি। অতএব এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না,’ বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের পেট্রোপোল সীমান্ত পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বলেন, ‘এটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে না। অন্য দেশে তাদের তৎপরতা—সেটি কি কূটনৈতিক চ্যানেল ছাড়া বলা যায়। তাদের তৎপরতা আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি, এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে। আমরা এই আসামিদের আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি।’

‘আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই যে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হবে,’ যোগ করেন তিনি।

Most Popular