Tuesday, November 24, 2026
Homeবাংলাদেশবাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে প্রত্যর্পণই একমাত্র পথ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া একজন সন্ত্রাসীকে কখনো এভাবে ফেরার অনুমোদন দেওয়া হবে না।’

বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মনের জ্বালায়, পয়সা দিয়ে কনসালট্যান্ট ভাড়া করে অনেক লেখাই লেখাতে পারে, কিন্তু বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুইটা দুই জিনিস।’

হুমায়ুন কবির বলেন, ‘বিছানায় ঘুমিয়ে দুঃস্বপ্নের মতো (নাইটমেয়ার) দেখে, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি। আমি প্লেনে চলে যাচ্ছি। তিনি নিয়মিত বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবলমাত্র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অথবা হাতকড়া পরে আসতে হবে।’

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে ‘বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে’ বলে মন্তব্য করেন। সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে বোঝাচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই; টেররিস্ট আওয়ামী টেররিস্ট, আওয়ামী টেররিজম।’

‘বাংলাদেশের মানুষ টেররিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’ যোগ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা এখন আর কোনো সারপ্রাইজ না।’

গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে, সরকারের পরবর্তী পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না! অবৈধ সরকার না!’

তিনি বলেন, ‘আওয়ামী টেররিস্টরা যা করছে, এগুলো রাজনৈতিক…এরা মনে করে যে এগুলো করলে মানুষ আতঙ্কিত হবে।  কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না, তাকিয়ে দেখুন, প্রভাব হচ্ছে উল্টো—তারাই আতঙ্কিত হচ্ছে।’

‘জয় বাংলা এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। জয় বাংলা বললেই মনে হয় কেউ মারতেছে দৌড়,’ যোগ করেন তিনি।

‘বাংলাদেশের মানুষের কাছে তারা এখন অপ্রাসঙ্গিক এবং এদের কোনো ভিত্তি নাই, মানুষ ঘৃণা করে,’ যোগ করেন তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরে মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই ধরনের নোংরামি দেখতে চায় না। মানুষই এখন ধরে ধরে এদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে।’

Most Popular