Monday, November 23, 2026
Homeবাংলাদেশপাবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত

পাবিপ্রবিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলে সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

আহত মো. ইমরান হোসেন বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি। তিনি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ছাত্রদলের একদল নেতাকর্মী জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে গেলে সিট বণ্টন নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ইমরান ছুরিকাঘাতে আহত হন।

হলের প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে।

ওসি তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, হলের সিট বণ্টন নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে।

Most Popular